নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ফেনসিডিল তৈরির উপকরণ ও অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার হয়েছে। এ সময় তিনশ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মাদক ব্যবসায়ীদের হামলায় তিন র্যাব সদস্য আহত হয়েছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও র্যাব-১১ পুরাতন কোর্ট ক্যাম্পের একটি সাদা পোশাকধারী দল বৃহস্পতিবার ভোরে উপজেলার হরিপুর কুঁড়িপাড়া এলাকায় নুর হোসেনের বাড়িতে এ অভিযান চালায়।
ঢাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ সময় মাদক ব্যবসায়ীরা অস্ত্র নিয়ে অভিযানকারী দলের সদস্যদের ধাওয়া করে।"
তিনি জানান, তাদের হামলায় র্যাবের তিন সদস্য আহত হয়। এই অভিযানে অস্ত্র, গাঁজা ও ফেনসিডিল তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ছয়জনকে।
উদ্ধার সামগ্রীর মধ্যে রয়েছে, তিনশ বোতল ফেনসিডিল, ২০ কেজি গাঁজা, দুটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল ও একটি চাকু, ফেনসিডিল তৈরির লেবেল, খালি বোতল, বোতলে কর্ক লাগানোর মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম।
গ্রেপ্তারকৃতরা হলো, নুর হোসেন (৩৫), আমজাদ হোসেন ওরফে রনি (২০), সুমন (২৭), রাজ্জাক হোসেন ওরফে রানা (২৫), সেলিম মিয়া (৩৭) ও ছাবেদ মিয়া (৩০)।
পরে তারা একই এলাকার মাদক ব্যবসায়ী ছাবেদের বাড়িতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করে।
বন্দর থানার ওসি হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "নুর হোসেন ও তার ভাই ডিশ মনির পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় ছিনতাই, চাঁদাবাজি ও মাদক আইনে ৮-১০টি মামলা রয়েছে।"
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব বাদী হয়ে বন্দর থানায় তিনটি মামলা দায়ের করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/কেএমএস/১৯১৮ ঘ.
bdnews24