ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেবা খাতের মধ্যে বিচার বিভাগেই দুর্নীতি বেশি হয় বলে টিআইবির এক জরিপে দেখা গেছে। জরিপের তথ্য অনুযায়ী, এর মধ্যে ঘুষ লেনদেন বেশি হয় উচ্চ আদালতে।
সেবা খাতের দুর্নীতি নিয়ে চালানো একটি জরিপের ফলাফল বৃহস্পতিবার প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ৬৪ জেলার ৬ হাজার খানার ওপর এ জরিপ চালানো হয়। গত বছরের জুন থেকে চলতি বছরের মে পর্যন্ত এ জরিপ হয়।
জরিপের তথ্য তুলে ধরে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, প্রতি খানাকে গড়ে ৭ হাজার ৯১৮ টাকা করে ঘুষ দিতে হয়েছে বিচার বিভাগে। এর মধ্যে সবচেয়ে বেশি ঘুষ দিতে হয়েছে উচ্চ আদালতে।
জরিপ প্রতিবেদন অনুযায়ী, ৭৩ দশমিক ৬ শতাংশ খানাকে ঘুষ দিতে হয় হাইকোর্টে, ৬৮ দশমিক ৯ শতাংশকে হাকিম আদালতে এবং ৫৮ দশমিক ৪ শতাংশ খানাকে ঘুষ দিতে হয় জজ আদালতে।
উচ্চ আদালতে প্রতি খানাকে গড়ে ঘুষ দিতে হয় ১২ হাজার ৭৬১ টাকা, হাকিম আদালতে গড়ে ৬ হাজার ৫৯৮ টাকা এবং জজ আদালতে ৬ হাজার ১৭৮ টাকা ঘুষ দিতে হয় বলে টিআইবি জানায়।
জরিপে অংশ নেওয়া ৮৮ শতাংশ খানা বিচার বিভাগের দুর্নীতির শিকার বলে দেখা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্নীতির শিকার ৭৯ দশমিক ৭ শতাংশ খানা।
এছাড়া দ্রুত শুনানি হওয়ার জন্য ৫৬ দশমিক ৩ শতাংশ এবং মামলার রায় প্রভাবিত করার জন্য ৩২ দশমিক ৭ শতাংশ খানাকে ঘুষ দিতে হয়।
সেবা খাত নিয়ে জরিপে অংশ নেওয়া ৭১ দশমিক ২ শতাংশ খানা ভূমি প্রশাসনের, ৫১ দশমিক ৩ শতাংশ খানা কর ও শুল্ক প্রশাসনের এবং ৪৫ দশমিক ৯ শতাংশ খানা বিদ্যুৎ সেবার দুর্নীতির শিকার হয়েছে বলে জরিপে দেখা যায়।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ-এ 'সেবা খাতে দুর্নীতি : জাতীয় খানা জরিপ (ঘর হিসেবে) ২০১০' এ তথ্য প্রকাশ করে টিআইবি।
টিআইবি ২০০৭ সালে একই ধরণের একটি জরিপ করেছিলো। সেখানে বিচার বিভাগে দুর্নীতির হার ছিল ৪৭ দশমিক ৭ শতাংশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে দুর্নীতির হার ছিলো ৯৬ দশমিক ৬ শতাংশ।
বর্তমান জরিপে দেখা গেছে, গত তিন বছরে বিচার বিভাগে দুর্নীতি বেড়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কমেছে।
টিআইবির প্রতিবেদনে আরো বলা হয়েছে, নগরের চেয়ে গ্রামাঞ্চলে দুর্নীতি বেশি হয়। গ্রামে দুর্নীতির শিকার ৮৭ দশমিক ৫ শতাংশ খানা এবং শহরে ৭৯ দশমিক ৩ শতাংশ খানা।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, খাত ভেদে ঘুষ ও নিয়ম বহির্ভুত অর্থ আদায়ের ক্ষেত্রে এগিয়ে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (৬৮ দশমিক ১ শতাংশ)। এর পরেই রয়েছে ভূমি প্রশাসন (৬৭ শতাংশ), বিচার বিভাগ (৫৯ দশমিক ৬০ শতাংশ) এবং আয়কর, ভ্যাট ও শুল্ক বিভাগ (৪৩ দশমিক ৯০ শতাংশ)।
প্রতিবেদনে বলা হয়েছে জাতীয়ভাবে প্রাক্কলিত ঘুষ ও নিয়ম বহির্ভূতভাবে অর্থের মোট পরিমাণ ৯ হাজার ৫৯১ কোটি টাকা। খানা প্রতি গড় ঘুষের পরিমাণ ৩ হাজার ১৮৪ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/আরএ/এমআই/পিডি/১৮২৯ ঘ.
bdnews24