২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্য হাতির আক্রমণে মা-মেয়েসহ চারজনের মৃত্যু

পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুই এলাকায় বন্য হাতির পায়ের চাপায় এক মা ও তার দুই মেয়েসহ চারজন মারা গেছে। আহত হয়েছে আরো দুইজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2010, 06:55 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

বান্দরবান, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুই এলাকায় বন্য হাতির পায়ের চাপায় এক মা ও তার দুই মেয়েসহ চারজন মারা গেছে। আহত হয়েছে আরো দুইজন। কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোররাতে বাইশারী ইউনিয়নের বটতলীর নারিচবুনিয়া ও সদর ইউনিয়নের আশারতলীর চেরারকুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুইজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামীম সোহেল, উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমদ এবং থানার ওসি জহিরুল হক নারিচবুনিয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়দের বরাত দিয়ে ইউএনও সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোররাত ৩টার দিকে বটতলীর নারিচবুনিয়া এলাকায় কৃষক আবুল কাশেমের (৫০) ঘরে বন্য হাতির দল আক্রমণ চালায়। এ সময় ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা তার স্ত্রী সাজেদা আক্তার (৪৫), মেয়ে নুর আক্তার (১২) ও রোজিনা আক্তার (৭) হাতির পায়ের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। হাতির পালটি আবুল কাশেমের বসতঘরটি দুমড়ে-মুচড়ে দেয়। তখন পালাতে গিয়ে আবুল কাশেম ও তার ছেলে লোকমান হাকিম আহত হয়। ইউএনও আরো জানান, ৫টার দিকে চেরারকুল এলাকায় আলী হোসেনের ঘরে আক্রমণ করে বন্যহাতির একটি দল। এ সময় আলী হোসেনের ঘুমন্ত ছেলে ওসমান হোসেন (৩) হাতির পায়ের নিচে চাপা পড়ে মারা যায়। হাতির পালটি তার বসতঘরটি তছতছ করে দেয়। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এজে/১২৫৩ ঘ.