ফেনী, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় বুধবার রাতে ফেনী শহরের কয়েকটি স্থানে আগুন ধরেছে।
তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে সংশ্লিষ্টরা জানান।
রাত ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে শহরের ডাক্তারপাড়া, গোডাউন কোয়ার্টার, মিদ্দা বাড়ি রোড, বিসিক ও এসএসকে রোড এলাকায় এসব ঘটনা ঘটে।
ফেনীর বাখরাবাদ গ্যাস ও দমকল বাহিনী জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ গ্যাসের চাপ বেড়ে যায়। এ সময় কয়েকটি এলাকায় বাসাবাড়ির রান্নাঘরে চুলা জ্বালানোর সময় আগুন ধরে যায়। কোনো কোনো এলাকায় গ্যাস রাইজারের রেগুলেটরও ফেটে যায়।
তবে দমকল বাহিনীর লোকজন আসার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
ফেনী বাখরাবাদ গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী খায়রুল আলম বলেন, হঠাৎ গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় এ ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি। সম্পদেরও ক্ষতি হয়নি।
তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলো সঙ্গে সঙ্গে চালু করে দিতে বলা হয়। রাত সাড়ে ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে তিনি জানান।
ফেনী দমকল স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, দমকল বাহিনী প্রতিটি স্থানে সঙ্গে সঙ্গে ছুটে গেছে। কোথাও সম্পদহানি হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১১ ঘ.
bdnews24