সিরাজগঞ্জ, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েটিফোর ডটকম)- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ তিনজন নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় বুধবার সকাল ৭টার দিকের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
নিহতরা হলেন- অটোরিকশার চালক রফিকুল ইসলাম ও যাত্রী সলঙ্গা থানার তেতলী পাড়া গ্রামের আহম্মদ আলীর স্ত্রী হাজেরা বানু (৪০) এবং শ্যামলী পরিবহনের যাত্রী গাইবান্ধার জয়নাল আবেদীন (৪৫)।
আহতরা হলেন- নিহত হাজেরা বানুর স্বামী আহম্মদ আলী (৪৮), একই গ্রামের জহির উদ্দিনের ছেলে কাইয়ুম (১৭) ও রহিজ উদ্দিন (৫০) এবং রায়গঞ্জের তেলিজানা গ্রামের জহুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (১৮)। তাদেরকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি দীনবন্ধু দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাটিকুমরুল এলাকার ফুডভিলেজ-২ হাইওয়ে রেস্টুরেন্টের সামনে সিরাজগঞ্জগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি বলেন, "এতে অটোরিকশাটি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই হাজেরার মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় অটোরিকশার চালক রফিকুল ও রাস্তায় দাঁড়িয়ে থাকা শ্যামলী পরিবহনের যাত্রী জয়নালকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর তারা মারা যান।"
নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা হয়েছে বলেও ওসি জানান।
বিডিনিউজ টোয়েটিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৫১৯ ঘ.
bdnews24