জামালপুর, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় সাড়ে ৪ কোটি টাকা বিল বকেয়ার কারণে জামালপুর পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
সোমবার এই ঘোষণা দিয়ে শহরে মাইকিং করা হয়েছে।
জামালপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পানির পাম্প হাউজ, সড়ক বাতি ও পৌরসভার কার্যালয়ে বিদ্যুৎ সংযোগের বিপরীতে ৪ কোটি ৩৫ লাখ টাকা বকেয়া রয়েছে। পৌরসভার মেয়রকে একাধিবার নোটিশ দেয়ার পরও বিল পরিশোধ করা হয়নি। সর্বশেষ নোটিশ দেওয়া হয়েছে গত ৭ ডিসেম্বর। বিল পরিশোধে কোন উদ্যোগ না নেওয়ায় পিডিবি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
জামালপুর পৌরসভার মেয়র শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচিত হবার পর তিনি মেয়র হিসেবে দায়িত্ব নেন ২০০৪ সালের ২৩ মে। ওই সময় পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়া ছিলো ৩ কোটি ১২ লাখ ২৫ হাজার ৫শ' ৮৫ টাকা। তিনি দায়িত্ব নেয়ার পর ২০১০ সালের অক্টোবর পর্যন্ত বিল পরিশোধ করা হয়েছে ২ কোটি ৭৫ লাখ ৭৯ হাজার ৭শ' ৯৩ টাকা।
তিনি জানান, পানির পাম্প, সড়ক বাতি ও পৌরসভা কার্যালয়ের সংযোগে কোন মিটার না থাকায় পিডিবি অসামঞ্জস্যপূর্ণ বিল প্রদান করে আসছিলো। এ কারণে ২০০৫ সালের ৩ মে মিটার লাগানোর জন্য পিডিবিকে পত্র দেয় পৌরসভা। কিন্তু আজ পর্যন্ত পিডিবি পৌরসভার কোন সংযোগেই মিটার দেয়নি এবং ৩/৪ গুন বেশি বিল করছে।
মেয়র বলেন, "পৌর এলাকায় পিডিবির ৮ হাজার ৫শ' ৪০টি বৈদ্যুতিক খুঁটি রয়েছে। এসব খুঁটির বিপরীতে পিডিবির কাছে পৌরসভার পাওনা রয়েছে ৪ কোটি ২৭ লাখ টাকা।"
তিনি অভিযোগ করে বলেন, "পৌরসভার এই পাওনা পরিশোধ না করে পিডিবি বিদ্যুৎ বিল বকেয়ার অজুহাত তুলে সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দিয়ে শহরে মাইকিং করেছে। এভাবে বর্তমান পৌর পরিষদের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে পিডিবি।"
তিনি বলেন, "নির্বাচন সামনে রেখে শহরে এ ধরনের মাইকিং করাটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত ছাড়া আর কিছু নয়।
এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, "শুধু ভূমি উন্নয়ন কর বাবদ পিডিবির কাছে কয়েক লাখ টাকা পৌরসভার পাওনা রয়েছে। এই কর প্রতিবছর নিয়মিত পরিশোধ করা হয়।"
তিনি বলেন, "মাইকিং করা হয়েছে জনস্বার্থে। এর মধ্যে কোন রাজনৈতিক কারণ থাকার প্রশ্নই আসে না। বিল পরিশোধ না হলে চলতি সপ্তাহেই পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।"
এদিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়ে শহরে মাইকিং করায় চরম হতাশায় পড়েছেন পানির লাইন ব্যবহারকারীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১ ঘ.
bdnews24