২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরা ইপিজেড শ্রমিকদের বিক্ষোভ

ছাঁটাই করা শ্রমিককে পুনর্বহাল এবং গ্রেপ্তার শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে নীলফামারীর উত্তরা ইপিজেড'র একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 01:09 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

নীলফামারী, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছাঁটাই করা শ্রমিককে পুনর্বহাল এবং গ্রেপ্তার শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে নীলফামারীর উত্তরা ইপিজেড'র একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। রোববার সকালে উত্তরা সোয়েটার ম্যানুফ্যাকচার কোম্পানির সহস্রাধিক শ্রমিক মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে এবং স্মারকলিপি দেয়। এদিকে, বিকালে গ্রেপ্তারকৃত দুই শ্রমিককে কারাগারে পাঠানো হয়েছে। উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) মহাপরিচালক হাফিজুল ইসলাম সাংবাদিকদের জানান, সোয়েটার কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি ও শ্রমিকদের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ দুই শ্রমিককে গ্রেপ্তার করেছে। এছাড়া শ্রমিক ওমর ফারুককে নিয়ম অনুযায়ী তার পাওনা পরিশোধ করে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ইপিজেড'র সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান। গত ৯ ডিসেম্বর উত্তরা সোয়েটার ম্যানুফ্যাকচার'র শ্রমিক ওমর ফারুককে চাকরিচ্যুত করা হয়। এর প্রতিবাদ করায় কারাখানার শ্রমিক নীলফামারী সদরের বারঘরিয়া গ্রামের নুর আলম (২২) ও বটতলা গ্রামের মতিউর রহমানকে (২৬) শনিবার দিবাগত রাতে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করা হয়েছে। রোববার বিকালে মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হলে বিচারক মনসুর আলম দুই শ্রমিককে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, সকালে উত্তরা সোয়েটার'র সহস্রাধিক শ্রমিক বিক্ষোভ মিছিল বের করে। ছাটাইকৃত শ্রমিককে পুনর্বহাল ও গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তিসহ আট দফা দাবিতে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীনের বাড়ি ঘেরাও করে তারা। পরে বিক্ষোভকারীরা শহরে এসে মিছিল নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থান নেয়। শ্রমিকরা জেলা প্রশাসক কার্যালয় আধা ঘণ্টা ঘেরাও করে রাখে। পরে আট দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক জিল্লুর রহমানকে দেয়। নীলফামারীর ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট নুরুল ইসলাম জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন আক্তারের নেতৃত্বে ইপিজেড এলাকায় র‌্যাব সদস্য ও পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১০ ঘ.