২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএনজি স্টেশনে ধর্মঘট হচ্ছে না

সিএনজি রিফুয়েলিং ও কনভার্সন স্টেশনের মালিকদের দাবির মুখে গ্যাস রেশনিং দুই ঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মালিকরা ধর্মঘট প্রত্যাহার করেছেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 12:19 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিএনজি রিফুয়েলিং ও কনভার্সন স্টেশনের মালিকদের দাবির মুখে গ্যাস রেশনিং দুই ঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মালিকরা ধর্মঘট প্রত্যাহার করেছেন। সোমবার থেকে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি রিফুয়েলিং ও কনভার্সন স্টেশনে গ্যাস রেশনিং করা হবে। সরকারের এ সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ সিএনজি রিফুয়েলিং স্টেশন ও কনভার্সন এসোসিয়েশন আগামী ২১ ডিসেম্বর থেকে ডাকা তাদের ধর্মঘট প্রত্যাহার করেছে। বর্তমানে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশনে গ্যাস রেশনিং চলছে। রোববার সচিবালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সভাকক্ষে সরকার ও এসোসিয়েশন নেতাদের মধ্যে বৈঠকে ফলপ্রসু আলোচনার পর দু'পক্ষ এ ঘোষণা দেয়। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক ও এসোসিয়েশনের মহাসচিব জাকির হোসেন নয়নসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও সংগঠনের অন্য নেতারা এতে উপস্থিত ছিলেন। ছয় ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত বাতিলের দাবিতে শনিবার ২১ ডিসেম্বর থেকে ধর্মঘটের ঘোষণা দেয় সিএনজি স্টেশন মালিকরা। বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, এসোসিয়েশন নেতাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে সরকার রেশনিংয়ের সময় দু'ঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। "সোমবার থেকেই সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস রেশনিং করা হবে। এতে স্টেশনগুলোও ব্যবসায়িকভাবে লাভবান হবে।" সংগঠনের অন্য দাবিগুলোর বিষয়ে পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। বাংলাদেশ সিএনজি রিফুয়েলিং স্টেশন ও কনভার্সন এসোসিয়েশনের মহাসচিব জাকির হোসেন নয়ন সাংবাদিকদের জানান, সরকার গ্যাস রেশনিং দু'ঘন্টা কমিয়ে আনতে রাজি হয়েছে। শিল্প-কারখানার স্বার্থে আমরা সরকারের প্রস্তাব মেনে নিয়েছি। "২১ ডিসেম্বর থেকে ডাকা অনির্দিষ্ট কালের ধর্মঘট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৮২৪ ঘ.