ঝিনাইদহ, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিয়ের এক সপ্তাহ আগে হাজেরা খাতুনকে তার ভাই হত্যা করেছিলো বলে জানিয়েছে পুলিশ।
ভাই শিমুলকে শনিবার গ্রেপ্তারের পর হরিণাকুণ্ডু থানার ওসি জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেছেন, বোনকে হত্যার কথা শিমুল প্রাথমিক জিজ্ঞসাবাদে স্বীকার করেছেন।
শিমুল ও হাজেরার বাড়ি হরিণাকুণ্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রামে। গত ১৪ ডিসেম্বর হাজেরা বাড়ির পাশেই পানের বরজে খুন হন।
ওসি বলেন, পরিবারের পক্ষ থেকে বেশ কয়েকবার বিয়ের উদ্যোগ নিলেও হাজেরা তাতে রাজি হচ্ছিলো না, কারণ তার সঙ্গে এক যুবকের প্রেম ছিলো।
২০ ডিসেম্বর পরিবারের ঠিক করা পাত্রের সঙ্গে হাজেরার বিয়ের দিন ঠিক হয়। কিন্তু হাজেরা তাতেও রাজি হয়নি।
ওসি বলেন, পানের বরজে হাজেরা তার প্রেমিকের সঙ্গে মোবাইল টেলিফোনে কথা বলার সময় ভাই শিমুল তাকে ধরে ফেলে। কথা কাটাকাটির এক পর্যায়ে শিমুল তার হাতে থাকা হাসুয়া দিয়ে গলায় কোপ দিলে ঘটনাস্থলেই নিহত হন হাজেরা।
হত্যার পরপরই হাজেরার বাবা রফিউদ্দিন চৌধুরী বাদি হয়ে হরিণাকুণ্ডু থানায় একটি মামলা করেন। তাতে হাজেরার কথিত প্রেমিককে আসামি করা হয়।
তবে পুলিশের তদন্তে হত্যাকাণ্ডে শিমুলের সম্পৃক্ততা পাওয়া যায় বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০০ ঘ.
bdnews24