ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে কর্মরত একজন বাংলাদেশি প্রকৌশলীকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে।
গত ১৬ ডিসেম্বর তাকে হত্যার সময় অপহরণ করা হয়েছে তার সাত সহকর্মীকে। এর মধ্যেও কোনো বাঙালি থাকতে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আভাস দিয়েছেন।
নিহত আলতাফ হোসেন একজন ডিপ্লোমা প্রকৌশলী। তার বয়স আনুমানিক ৩৫ বছর। বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়।
আফগানিস্তানে বাংলাদেশি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আবাসিক প্রতিনিধি ফজলুল হক শনিবার রাতে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাল্ক প্রদেশের মাজার ই শরিফ এলাকার একটি নির্মাণ শিবির থেকে স্থানীয় সময় সকাল ১০টার দিকে আলতাফসহ সাত জনকে অপরহণের চেষ্টা করা হয়। এসময় অপহরণকারীদের সঙ্গে যেতে অস্বীকৃতি জানানোয় আলতাফকে ক্যাম্পের অদূরে গুলি করে হত্যা করা হয়।"
সাইমন নামের একটি দক্ষিণ কোরীয় নির্মাণ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন প্রকৌশলী আলতাফ। ওই নির্মাণ শিবিরে বাংলাদেশি ও অন্য দেশের মিলিয়ে ১৭ জন ছিলেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান।
নাম প্রকাশ না করার শর্তে তিনি রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কাবুল থেকে ৩০০ কিলোমিটার দূরে বইবগা এলাকার ওই নির্মাণ শিবিরে মোট ১৭ জন ছিলেন। এর মধ্যে আলতাফকে হত্যা ছাড়াও সাত জনকে অপহরণ করা হয়েছে। অন্যরা নিরাপদে আছেন।"
রকেট লঞ্চারসহ ২৫ জন লোক শিবিরে হানা দেয় বলে জানান তিনি। তবে তারা তালেবানম না অন্য কেনো জঙ্গি দলের সদস্য তা নিশ্চিত হওয়া যায়নি।
ওই শিবিরে আলতাফ ছাড়াও আরো বাংলাদেশি ছিলেন, তবে তারা নিরাপদ, না অপহৃত হয়েছেন- সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি বলে ওই কর্মকর্তা জানান।
তিনি বলেন, আলতাফের লাশ ফেরত আনাসহ এ বিষয়টি বাংলাদেশের উজবেকিস্তান দূতাবাস থেকে তদারকি করা হচ্ছে।
অপহরণকারীদের সম্পর্কে স্পষ্ট তথ্য না দিতে পারলেও ব্র্যাক কর্মকর্তা ফজলুল হক ধারণা করছেন, এই ঘটনার সঙ্গে তালেবানরা নয়, অন্য কোনো অপরাধী গোষ্ঠী জড়িত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/১৪০০ ঘ.
bdnews24