২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যেন হায়েনার কবল থেকে মুক্তি পেয়েছি'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবার বিজয় দিবসে মানুষের মাঝে যে আনন্দ-উল্লাস দেখেছি তাতে মনে হল বহু বছর পর সত্যিকার বিজয়ের আনন্দ-উল্লাস ফিরে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2010, 02:19 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবার বিজয় দিবসে মানুষের মাঝে যে আনন্দ-উল্লাস দেখেছি তাতে মনে হল বহু বছর পর সত্যিকার বিজয়ের আনন্দ-উল্লাস ফিরে এসেছে। তিনি বলেন, "দীর্ঘ দিন পর যেন আমরা হায়েনার মুখ থেকে মুক্তি পেয়েছি।" বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। 'মুক্তিযুদ্ধের চেতনায় দিনবদলের সংগ্রামে নবতর বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হোন' শ্লোগানে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার বিকালে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুদ্ধাপরাধে অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের বিষয়ে সভায় সন্তোষ প্রকাশ করে আলোচকরা বক্তব্য রাখেন। তবে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার নাম উল্লেখ করেন নি। বৃহস্পতিবার ভোররাতে রাজধানীতে বনানীর একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে। আওয়ামী লীগ সভানেত্রী জানান, মুক্তিযুদ্ধের পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলার চেষ্টা হলেও ১৯৭৫ এর ১৫ আগস্টে জাতির পিতা হত্যার মধ্য দিয়ে বিজয় নস্যাৎ হয়ে যায়। বিগত বছরের তুলনায় এবার বিজয় দিবস উদযাপনে মানুষের অংশগ্রহণ বেড়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "দীর্ঘ দিন পর বিজয় দিবসে মানুষের মাঝে আনন্দ-উল্লাস দেখেছি। গোটা দেশে ছিলো এ আনন্দ। দীর্ঘ দিন পর যেন আমরা হায়েনার কবল থেকে মুক্তি পেয়েছি। দীর্ঘ দিন পর যেন বিজয় ফিরে পেয়েছি।" প্রধানমন্ত্রী বলেন, "এবার বিজয় দিবসে জনগণ যেনো স্বাধীনতার স্বাদ মর্মে মর্মে অনুধাবন করেছে বলে মনে হয়েছে।" তিনি বিজয়ের ধারা অব্যাহত রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। "বিজয়কে এগিয়ে নিয়ে আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে। জাতির জনকের স্বপ্ন পূরণ করতে হবে। স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে", বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের জন্য উন্নত জীবন নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যত প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ রেখে যাওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী। জনগণের স্বার্থ বাদ দিয়ে ব্যক্তি স্বার্থের কথা ভেবে সম্পদ বানানোর কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, একাত্তরের পরাজিত শক্তি ও তাদের দোসররা সম্পদ লুটপাট করে, দেশের মানুষের রক্ত চুষে বিলাসিতা করে। তারা কখনো চায় না দেশ দারিদ্র্যমুক্ত হোক। "দরিদ্র মানুষ দেখিয়ে তারা নিজেরা আরো সম্পদ বানাতে চায়। দেশে সুদখোর ও ঘুষখোর মানুষের অভাব নেই। এদের শোষণের হাত থেকে দেশকে বাঁচাতে হবে", বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, "যে দল, যে নেতৃত্ব নিজের বিলাসিতা, নিজের সম্পদ আহরণ করে জনগণ তাদের গ্রহণ করে না। রাজনীতি হচ্ছে জনগণের জন্য, ত্যাগের জন্য।" হরতালের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, "যারা হরতাল দিয়েছে তারা যুদ্ধাপরাধীদের বিচার চায় না। যুদ্ধাপরাধীদের দোসররাই হরতালের সমর্থন দিয়েছে।" বিরোধী দলীয় নেত্রীকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, "মুক্তিযোদ্ধার স্ত্রী হয়েও রাজকার-আলবদরদের হরতালের সমর্থন দেন কীভাবে!" শেখ হাসিনা হরতাল প্রত্যাহার করার আহ্বান জানান। নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রতিশ্র"তি বাস্তবায়নে সরকার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি। এবার বিজয় দিবস সবাইকে নতুনভাবে উজ্জীবিত করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "ব্যক্তি স্বার্থ ত্যাগ করে জনগণের কল্যাণের জন্য কাজ করতে হবে। জাতির জনকের সোনার বাংলা গড়ে তুলতে হবে।" আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। এবার বিজয় দিবসের প্রাক্কালে সাকা চৌধুরী গ্রেপ্তার হওয়ায় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, "এবার বিজয় দিবসে নতুন সূর্য উঠেছে। একটি রাজাকার ধরা পড়েছে, জন্তু ধরা পড়েছে। আপনারা শয়তানের হাত থেকে দেশকে রক্ষা করেছেন।" সাকা চৌধুরী ও তার পিতার কুকীর্তির কথা তুলে ধরতে গিয়ে সাজেদা চৌধুরী জানান, সাকা ও তার বাপ ইলেকট্রিক চেয়ারে শক দিয়ে লোক মারত। এতোদিন মানুষ এদের কীভাবে সহ্য করেছে তা বিশ্ময়ের ব্যাপার। "মুক্তিযুদ্ধ এখনো শেষ হয় নি। তাদের বিচার যতদিন না হবে, ততদিন মুক্তিযুদ্ধ চলবে", বলেন সাজেদা চৌধুরী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "এবারের বিজয় দিবসে তরুণ প্রজন্মের উপস্থিতি ছিল বেশি। সাকা চৌধুরীর মত কুখ্যাত যুদ্ধাপরাধীদের গ্রেপ্তারে তরুণ-তরুণীরাই বিজয় দিবস উদযাপনে নেমেছে।" "সরকারের সব প্রতিশ্র"তি ধীরে ধীরে বাস্তবায়নের দিকে যাচ্ছে। নির্বাচনী ইশতেহারের প্রতিটি প্রতিশ্র"তি বাস্তবায়ন হবে। আসুন ঐক্যবদ্ধ হই। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের স্বপক্ষে নিয়ে যাই। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করি", বলেন তিনি। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, "আগামী জানুয়ারির শেষ দিকে বা ফেব্র"য়ারির প্রথম দিকে অন্তত ৪-৬ জনের বিরুদ্ধে মানবতার বিরোধী অপরাধের অভিযোগপত্র দাখিল করা হবে। মার্চের মধ্যে অভিযুক্তদের সাক্ষ্য নেওয়া হবে।" "আগামী বিজয় দিবসের আগে চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার হবে", বলেন তিনি। আলোচনা সভায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেএমএস/২০০৮ ঘ.