শামীম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশপাশে পানির উৎস না থাকায় এবং আগুন নেভানোর সরঞ্জাম ল্যাডার কম থাকায় সাভারের আশুলিয়ায় হা-মীম গ্র"পের কারখানার আগুন নেভাতে ৭ ঘণ্টা সময় লেগে যায়।
এছাড়া প্রতিমাসে মহড়া হলেও শ্রমিকরা আগুন নেভানোর যন্ত্রের ব্যবহার না জানায় তাৎক্ষণিকভাবে কেউ আগুন নেভাতে পারেনি।
দমকল বাহিনীর মহাপরিচালক আবু নাঈম মো. শহীদুল্লাহ বুধবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, "বেলা ২টার দিকে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। সন্ধ্যা ৬টার দিকে পানি স্বল্পতা সৃষ্টি হয়। পরে কারখানার পাম্প ও অন্যান্য স্থান থেকে পানির ব্যবস্থা করে আগুন নেভানোর চেষ্টা করা হয়।
আশুলিয়ার নরসিংহপুরে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি একে আজাদের মালিকানাধীন 'দ্যাটস ইট স্পোর্টস ওয়্যার' নামের বহুতল ওই পোশাক কারখানায় মঙ্গলবার দুপুরে আগুন লাগে। রাত ৯টার দিকে আগুন নেভানো হয়।
দমকল বাহিনীর নিয়ন্ত্রন কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নজবুত জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হা-মীম গ্র"পের কারখানায় দমকল বাহিনীর মোট ২৩টি ইউনিট ও ১৩০ জন ফায়ারম্যান আগুন নেভানোর কাজে নিয়োজিত হন। সেখানে ৫টি সাধারণ পানিবাহী গাড়ী ও ৫টি বিশেষ পানিবাহী গাড়ী ছিল।
সাধারণ পানিবাহী গাড়ীর পানির ধারণ ক্ষমতা ৪ হাজার ৪০০ লিটার ও বিশেষ পানিবাহী গাড়ীর ধারণ ক্ষমতা প্রায় ৯ হাজার লিটার। সাধারণ পানিবাহী গাড়ি দিয়ে ২০ মিনিট ও বিশেষ পানিবাহী গাড়ী দিয়ে ৩৫ মিনিট পানি সরবরাহ করা হয়। পানির উৎস না থাকায় স্বাভাবিকভাবেই কিছুক্ষণের মধ্যে এ পানি শেষ হয়ে যাওয়ারই কথা।
কারখানার আশপাশে পানির উৎসের অভাবের কথা উল্লেখ করে আবু নাইম বলেন, "কারখানার ভেতরে পুকুর ছিল তবে সেখানে কোন পানি ছিল না। আশপাশে কোন জলাধারও ছিল না। পরে কারখানার পানির পাম্প থেকে এবং দূর থেকে পানি নিয়ে এসে ব্যবহার করা হয়।"
মঙ্গলবার ঘটনাস্থলে দেখা যায়, কারখানা ভবনের সামনের দিকে ৪টি ল্যাডার (উঁচুস্থানে আগুন নেভানোর বিশেষ মই) স্থাপন করে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছিল। কিন্তু ভবনের দুই পাশে কোন ল্যাডার ছিল না। তাই ভবনের পাশে ও পেছনে আগুন নিয়ন্ত্রনে আনতে বেশি সময় লেগে যায়।
ভবনের দুই পাশে আরো দুটি ল্যাডার দিতে পারলে আগুন আরো আগেই নেভানো সম্ভব হতো বলে জানান আবু নাইম।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ল্যাডারের সংখ্যা বাড়ানোর জন্য ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন।
পোশাক কারখানায় আগুন নেভাতে সময় বেশি লাগে উল্লেখ করে মহাপরিচালক আবু নাইম বলেন, "কাপড়ে আগুন লাগলে স্বভাবতই তা নিভতে অনেক সময় লেগে যায়।"
ভূমিকম্পজনিত ও অন্যান্য দুর্যোগ মোকাবেলায় সংগৃহীত যন্ত্রপাতি হস্তান্তর উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসের ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড প্রশিক্ষণ মাঠে বুধবার সকালে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "বসুন্ধরা সিটি, নিমতলী ও আশুলিয়ার পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের সময় উদ্ধার কাজ চালাতে গিয়ে আমাদের অসহায়ত্বের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।"
অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার জানত না শ্রমিকরা
কারখানার শ্রমিকদেরকে প্রতিমাসে আগুনের মহড়া দেওয়া হতো উল্লেখ করে মহাপরিচালক বলেন, "মহড়া এক কথা, আর বাস্তবে আগুন নেভানো আরেক কথা। যখন আগুন লেগে যায় তখন কারো মাথা ঠিক থাকার কথা নয়, সবাই তখন বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। ধস্তাধস্তি ও হুড়োহুড়িতেই অনেকে আহত হয়ে মারা যায়।"
শিন শিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক আবু সায়েম মঙ্গলবার জানান, আগুন ধরলে কি করতে হবে প্রতিমাসে শ্রমিকদের সে ধরনের প্রশিক্ষণ দেওয়া হতো। তবে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে কিভাবে আগুন নেভানো যায় তা তাদের শেখানো হয়নি।
হাসপাতালে চিকিৎসাধীন একাধিক শ্রমিক জানান, ১১ তলায় আগুন নির্বাপক যন্ত্র ছিল। তবে তা কিভাবে ব্যবহার করতে হয় তা তারা জানতেন না।
সাধারণতঃ একটি কারখানায় একটি দলকে আগুন নির্বাপক যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয় উল্লেখ করে দমকল বাহিনীর মহাপরিচালক বলেন, "সে দলের কেউ সম্ভবত ১১ তলায় উপস্থিত ছিল না। তাই যন্ত্র ব্যবহার করতে পারেনি।"
হা-মীম গ্র"পের উপ-ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন বুধবার সাংবাদিকদের বলেন, "কারখানায় আগুন নির্বাপনের যন্ত্র ও পানি সরবরাহেরও ব্যবস্থা ছিল। তবে আগুন নেভানোর জন্য কোন শ্রমিক এগিয়ে আসেনি। আগুন লাগলে ঘণ্টা বাজানোর নিয়ম থাকলেও ওই সময় কেউ কারখানায় ঘণ্টা বাজায়নি বলে জানান তিনি।"
নাশকতা না দূর্ঘটনা তা পরিস্কার নয়
হা-মীম গ্র"পের কারখানায় আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে না নাশকতামূলকভাবে হয়েছে সে বিষয়টি এখনো পরিস্কার হয়নি।
দুর্ঘটনা নয়, কেউ আগুন ধরিয়ে দিয়েছে বলে দাবি করেছেন হা-মীম গ্র"পের উপ-ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন।
দুপুরে কারখানা প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনে দেলোয়ার বলেন, "আমাদের কারখানার নিয়ম হচ্ছে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত যখন মধ্যাহ্ন ভোজের বিরতি থাকে, সে সময় পুরো কারখানার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। তাই বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে আগুন লাগার ধারণা ঠিক নয়।"
অগ্নিকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।"
দমকল বাহিনীর মহাপরিচালক আবু নাইম বলেন, "মঙ্গলবার ঘটনাস্থলে প্রাথমিকভাবে নাশকতার কোন প্রমাণ বা লক্ষণ দেখা যায়নি। তদন্তের পরই আসল ঘটনা বের হয়ে আসবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/২১১৫ ঘ.
bdnews24