গোপালগঞ্জ, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস কাউন্টার নিয়ে বিরোধের জেরে গোপালগঞ্জে এক তরুণের দু'পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।
বুধবার সকালে সদর উপজেলার ঘোনাপাড়ায় এ ঘটনায় আহত রবিউল কাজীকে (২৮) গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক চৌধুরী ফরিদুল ইসলাম।
রবিউলের বাবা লাল মিয়া কাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া বাসস্ট্যান্ডের বাস কাউন্টার নিয়ে কিছুদিন থেকে রবিউলের সঙ্গে এলাকার শাহীন মৃধার বিরোধ চলছিল।
এর জেরে সকাল সাড়ে ৭টার দিকে শাহীন লোকজন নিয়ে রবিউলের দু'পায়ের রগ কেটে দেয়।
সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০১৫ ঘ.
bdnews24