২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলমানি রেট রেকর্ড ১৭৫ শতাংশ

আন্তঃব্যাংক মুদ্রাবাজারে স্বল্প সময়ের জন্য ধার করা অর্থের সুদের কারবার বা কলমানি রেট বুধবার রেকর্ড ১৭৫ শতাংশে পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2010, 01:50 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তঃব্যাংক মুদ্রাবাজারে স্বল্প সময়ের জন্য ধার করা অর্থের সুদের কারবার বা কলমানি রেট বুধবার রেকর্ড ১৭৫ শতাংশে পৌঁছেছে। গত তিনদিন প্রতিদিন গড়ে ১০ টাকা করে বাড়লেও বুধবার স্মরণকালের সর্বোচ্চ সুদের হারে আন্তঃব্যাংক লেনদেন হয়েছে। মঙ্গলবার কলমানি সুদ হার ছিলো সর্বোচ্চ ৬২ শতাংশ এবং সোমবার ছিলো সর্বোচ্চ ৪০ শতাংশ। সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকগুলোর বিধিবদ্ধ জমার হার (স্টেটিউটরি লিকুইডিটি রেশিও বা এসএলআর) ও নগদ সংরক্ষণ (ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট বা সিআরআর) সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক বাড়ানোর ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। বুধবার থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা। সিদ্ধান্ত কার্যকরের প্রথমদিন কোন ব্যাংকই চাচ্ছে না সিআরআর খেলাপি হতে। তাই ব্যাংকগুলোর আগাম প্রস্তুতি নিতে গিয়েই বাজারে এ পরিস্থিতি সৃষ্টি করেছে। এদিকে নগদ টাকার সংস্থান করতে কেন্দ্রীয় ব্যাংকে প্রতিদিন যে হারে রেপো আবেদন আসছে সে হারে কেন্দ্রীয় ব্যাংক রেপো দিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার আমরা প্রাইমারি ডিলার ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চাহিদার ২৫ শতাংশ রেপো দিয়েছি। প্রাইমারি ডিলার নয় এমন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকেও চাহিদার ১৫ থেকে ২০ শতাংশ রেপো দিয়েছি।" "তবে কলমানি রেট এতো ওঠায় মূলত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর তহবিল ব্যবস্থাপনায় অদক্ষতাই প্রকাশ পায়," মন্তব্য করে ওই কর্মকর্তা বলেন, "আমরা সিআরআর বৃদ্ধির প্রস্তুতি হিসেবে ১৫ দিন সময় দিয়েছি। তারপরও তারা এ টাকা যোগাড় করতে পারেনি।" কলমানি সুদ হার বৃদ্ধি প্রসঙ্গে বেসরকারি ব্যাংক এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিআরআর এবং এসএলআর বৃদ্ধি ছাড়াও আমদানি দেনা পরিশোধ বেড়ে যাওয়া এবং কয়েকটি ব্যাংকের অতিমাত্রা ঋণ বিতরণের ফলে মুদ্রাবাজারে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব কারণেই মূলত কলমানি সুদ হার প্রতিদিন বাড়ছে।" তিনি বলেন, "সিআরআর ও এসএলআর বাড়ানোর ফলে বাজার থেকে ১৮শ' কোটি টাকা তুলে নেওয়া হবে। বর্তমানে বাজারে যে পরিমাণ অতিরিক্ত তারল্য রয়েছে বলা হচ্ছে তা নেই। "যে অতিরিক্ত তারল্য রয়েছে তার সিংহভাগই ইসলামী ব্যাংকগুলোর। ব্যাংকগুলো এসএলআর ও সিআরআর সংরক্ষণের জন্য আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে।" তিনি জানান, ব্যাংকগুলো আগাম প্রস্তুতি নিয়ে নগদ টাকা সংরক্ষণ করে রাখছে। আর এরই প্রভাব পড়ছে কলমানি সুদের হারে। পাশাপাশি আমদানি দেনা পরিশোধ এবং কয়েকটি ব্যাংকের অতিমাত্রা বিনিয়োগও তাতে প্রভাব ফেলেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বুধবার রেপোর (সরকারের ঋণ পণ্য ট্রেজারি বিল জমা রেখে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে অর্থ ধার করা বা পুনঃক্রয় চুক্তি) মাধ্যমে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ২ হাজার ১৫৫ কোটি টাকা ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ২৩টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এ ধার নেয়। মঙ্গলবার এই ধারের পরিমাণ ছিল ১১৪৭ কোটি টাকা, সোমবার নিয়েছিলো ৯৭৭ কোটি টাকা এবং রোববার নিয়েছিলো ৭০১ কোটি টাকা। ১৪টি প্রাইমারি ডিলার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে গতকাল ৩ হাজার ৮৯৯ কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়। মঙ্গলবার এর পরিমাণ ছিলো তিন হাজার ৪৭৭ কোটি টাকা। সম্প্রতি মূল্যস্ফীতির চাপ কমানো, অনুৎপাদনশীল খাত ও শেয়ার বাজারে ঋণের লাগাম টেনে ধরা এবং অতিরিক্ত তারল্য শোষণের লক্ষ্যে বাজারে নগদ অর্থপ্রবাহ কমানোর পদক্ষেপ হিসেবে ব্যাংকগুলোর এসএলআর এবং সিআরআর পরিমাণ বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সাধারণ ব্যাংকের সিআরআর শূন্য দশমিক ৫ শতাংশ এবং ইসলামী ব্যাংকগুলোর এসএলআর বাড়ানো হয়েছে ১ শতাংশ। ব্যাংকগুলোকে বুধবার থেকে তাদের মোট তলবি ও মেয়াদি আমানতের ৬ শতাংশ দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে এবং ন্যূনতম সাড়ে ৫ শতাংশ দৈনিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে নগদে জমা করতে হবে। বর্তমানে নগদ জমা সংরক্ষণের হার দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে সাড়ে ৫ শতাংশ এবং দৈনিক ভিত্তিতে ন্যূনতম ৫ শতাংশ। অন্যদিকে ইসলামি শরিয়াহভিত্তিক ব্যাংক এবং প্রচলিত ধারার ব্যাংকগুলোর ইসলামি ব্যাংকিং শাখাগুলোর জন্য এসএলআর সংরক্ষণ করতে হবে সাড়ে ১১ শতাংশ। বর্তমানে এ হার সাড়ে ১০ শতাংশে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/পিডি/১৯৪৪ ঘ.