ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোট সরকারের আমলে বাধ্যতামূলক অবসরে পাঠানো অতিরিক্ত সচিব মেজর (অব.) মুহম্মদ আবুল হোসাইনকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বুধবার এ কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।
সংস্থাপন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এই কর্মকর্তা এরশাদ সরকারের সময় সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে প্রশাসনে আত্মীকরণ হন। এরপর প্রশাসনের কর্মকর্তা হিসেবে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করেন।
চারদলীয় জোট সরকারের সময় অতিরিক্ত পদে থাকা অবস্থায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তাকে আবারো চাকরিতে বহাল করা হয়। মুক্তিযোদ্ধা কর্মকর্তা হিসেবে তার চাকরির মেয়াদও দুই বছর বাড়ানো হয়।
চাকরিতে পুনর্বহালের পর থেকেই আবুল হোসাইন সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
চলতি মাসে তার অবসর উত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৯০৬ ঘ.
bdnews24