২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৬ পৌরসভায় নির্বাচন স্থগিত

কক্সবাজারের চারটি, মাদারীপুর ও নেত্রকোনার মদন পৌরসভায় নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2010, 11:14 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের চারটি, মাদারীপুর ও নেত্রকোনার মদন পৌরসভায় নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। হাইকোর্টের তিনটি বেঞ্চ বুধবার নির্বাচন স্থগিতের এ আদেশ দেয়। এর আগে আদালত আটটি পৌরসভায় নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছিলো। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ কক্সবাজার সদর, টেকনাফ, চকরিয়া ও মহেশখালী পৌরসভার নির্বাচন এক মাসের জন্য স্থগিত করে। কক্সবাজার সদরের এক ভোটার কার্তিক চন্দ্র দাসের রিট আবেদনে আদালত এই আদেশ দেয়। তিনি আবেদনে বলেন, পৌরসভাগুলোতে ভোটার তালিকা সঠিক নেই। ভোটার তালিকা হালনাগাদ না করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ জানুয়ারি এ চারটি পৌরসভায় ভোট গ্রহণের তারিখ ধার্য রয়েছে। অন্যদিকে বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ নেত্রকোনার মদন পৌরসভার নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করে। মাদারীপুর পৌরসভার বর্তমান মেয়র চৌধুরী নুরুল আলম বাবু চৌধুরীর রিট আবেদনে ওই পৌরসভায় নির্বাচন তিন মাসের জন্য স্থগিতের আদেশ দেয় বিচারপতি মো. মিফতাহউদ্দিন ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ। বাদির আইনজীবী মো. নাসিরউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পৌরসভার সীমানা নির্ধারণ ও হালনাগাদ ভোটার তালিকা সরবরাহ না করার কারণে রিট আবেদনটি করা হয়।" মাদারীপুর ও মোহনগঞ্জে ১৭ জানুয়ারি ভোটগ্রহণের তারিখ ছিলো। গত ২ ডিসেম্বর ২৬৯টি পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণার পর স্থানীয় সরকার বিভাগের অনুরোধে ১১টিতে নির্বাচন না করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। তবে নতুন করে আরো চারটি পৌরসভা নির্বাচনের তালিকায় যোগ হয়। এর উচ্চ আদালত মাগুরা, কুষ্টিয়া, নড়াইলের লোহাগড়া, দিনাজপুরের পার্বতীপুর, ঝালকাঠী, ভোলার চরফ্যাশন (পুনঃতফসিল), ফরিদপুরের ভাঙ্গা ও চাঁদপুর পৌরসভার নির্বাচন স্থগিত করে উচ্চ আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০৩ ঘ.