যশোর, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের কৃষ্ণবাটি গ্রামের মুক্তেশ্বরী সার কারখানা থেকে আবারো ভেজাল সার উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
কর্মকর্তারা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করীমের নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
যশোর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার সাহা সাংবাদিকদের জানান, অভিযানে সাতশ' বস্তা ভেজাল টিএসপি ও দস্তা সার উদ্ধার করা হয়েছে। ভেজাল সার উৎপাদনের অভিযোগে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। কারখানার মালিক গাউসুল আজম পলাতক রয়েছেন।
তিনি বলেন, "উদ্ধারকৃত ভেজাল সারের দাম সাড়ে ছয় লাখ টাকা হতে পারে।"
কৃষি কর্মকর্তা বিপ্লব আরো জানান, এই কারখানা থেকে এর আগে দুই দফায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল সার উদ্ধার করা হয়। সেসব ঘটনায় কারখানামালিক গাউসুল আজমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৬৫৮ ঘ.
bdnews24