চাঁদপুর, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঙ্গাস মাছের পোনা নিধন বন্ধ করতে পারলে বছরে ১ হাজার ৮০ মেট্রিক টন পাঙ্গাস উৎপাদন সম্ভব বলে জানিয়েছেন চাঁদপুর মৎস্য গবেষণা ইন্সটিটিউট নদী কেন্দ্রের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জি সি হালদার।
এর ফলে ২০০ কোটি টাকার সম্পদ রক্ষা হবে বলে তিনি দাবি করেন।
বর্তমানে বছরে ১৫ থেকে ২০ হাজার টন পাঙ্গাস উৎপাদন হয় বলে জানান তিনি।
জি সি হালদার বলেন, "দেশে ১৯৮৮ সালে ১ হাজার ৭১০ মেট্রিক টন পাঙ্গাস পোনা নিধন হয়। ২০১০ সালে এর পরিমাণ দাঁড়ায় ৫০০ মেট্রিক টনে। এর ফলে দেখা গেছে, নদীতে ব্যাপক হারে পাঙ্গাস হ্রাস পাচ্ছে।"
সোমবার চাঁদপুর রোটারী ভবনে 'মেঘনা অববাহিকায় পাঙ্গাসের পোনা নিধন রোধ ও সংরক্ষণ বিষয়ক' মতবিনিময় সভায় তিনি এসব তথ্য জানান।
পাঙ্গাস রক্ষায় সকলের সহযোগিতা নিয়ে যুগোপযোগী আইন করারও দাবি জানান তিনি।
জি সি হালদার বলেন, "বর্তমানে চাঁদপুরে মেঘনা নদীতে বছরে ৪০০ থেকে ৫০০ মেট্রিক টন পাঙ্গাসের পোনা নিধন হচ্ছে। এতে নদীতে ৭০ ভাগ পাঙ্গাস কমে গেছে। বাকি ৩০ ভাগ পাঙ্গাস রক্ষা করা না গেলে পাঙ্গাসের অস্তিত্ব দেশ থেকে হারিয়ে যাবে।"
সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) এর এনআরজি প্রকল্পের উদ্যোগে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রতন দত্ত, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদুল ইসলাম মজুমদার, চাঁদপুর পৌরসভার মেয়র নাসির উদ্দিন আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪১২ ঘ.
bdnews24