২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহানগর আমির আবারো হেফাজতে

পুলিশের কাজে বাধাদান ও ভাংচুরের মামলায় জামায়াতের মহানগর আমির রফিকুল ইসলাম খানকে জিজ্ঞাসাবাদের জন্য দু'দিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2010, 04:48 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের কাজে বাধাদান ও ভাংচুরের মামলায় জামায়াতের মহানগর আমির রফিকুল ইসলাম খানকে জিজ্ঞাসাবাদের জন্য দু'দিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ আদেশ দেন। এর আগে গত শুক্রবার তাকে চারদিন হেফাজতে নেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আ. রহিম জিজ্ঞাসাবাদের জন্য রফিকুলকে পাঁচ দিন হেফাজতে নেওয়ার আবেদন করেন আদালতে। আদালত দুইদিন মঞ্জুর করেন। রিমান্ড আবেদন বাতিল করে তার জামিন চাওয়া হলে বিচারক তা নাকচ করে দেন। রফিকুলের আইনজীবী আব্দুর রাজ্জাক, মো. কামালউদ্দিন শুনানিতে বলেন, এর আগে রফিকুলকে হেফাজতে নিয়ে ২৯ দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ব্যাপারে হাইকোর্টের নির্দেশনা ও নীতিমালা না মেনে পুলিশ তাকে হয়রানি করছে বলে আইনজীবীরা দাবি করেন। একটি মামলায় জামিন পেয়ে কারাগার থেকে বের হওয়ার সময় গত ৩ ডিসেম্বর কারাফটকে তাকে এ মামলায় গ্রেপ্তার করা হয়। শাহবাগ থানায় করা ২৯ জুনের ওই মামলায় তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধাদান, ভাংচুর ও গাড়ি পোড়ানোর অভিযোগ আনা হয়। এ ব্যাপারে তার আইনজীবীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মামলার এজাহারে রফিকুলের নাম ছিল না। হাইকোর্টের আদেশে অন্য একটি মামলায় জামিন পেয়ে কারাগার থেকে বের হওয়ার সময় উদ্দেশ্যমূলকভাবে তাকে এ মামলায় গ্রেপ্তার করে পুলিশ । গত ২৪ নভেম্বর মিরপুরের বাসা থেকে রফিকুল ইসলামকে প্রথম গ্রেপ্তার করা হয়। মামলাটির অন্যতম আসামি বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরি এ্যনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/২২৩৩ ঘ.