সিলেট, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের গোয়াইনঘাট উপজেলার খইয়াখাল থেকে মঙ্গলবার বিকালে একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সুরুজ আলীর (৪৫) বাড়ি গোয়াইনঘাট উপজেলার কান্দিগ্রামে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গোয়াইনঘাটের চাতল হাওর এলাকার আব্দুল গফুর ও নিহতের ভাগ্নে গহর মিয়া নামে দু'জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গোয়াইনঘাট থানার ওসি জাকির হোসেন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতে সুরুজ আলী পাশের গ্রামে দাওয়াত খেতে গিয়ে আর আসেননি। মঙ্গলবার বিকালে খাইয়াখালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ওসি বলেন, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রতিবেশীদের সঙ্গে জমিজমা নিয়ে সুরুজের দীর্ঘদিন ধরে মামলা চলছিল। এ কারণে তাকে খুন করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০১৮ ঘ.
bdnews24