২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা মাকে ফিরে পেলো সেলিম

হারিয়ে যাওয়ার দেড় বছর পর বাবা-মাকে ফিরে পেয়েছে শিশু সেলিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2010, 02:21 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

জয়পুরহাট, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হারিয়ে যাওয়ার দেড় বছর পর বাবা-মাকে ফিরে পেয়েছে শিশু সেলিম। ময়মনসিংহ জেলার ধুবাউড়া উপজেলার গলুইভাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে দেড় বছর আগে দিক ভুল করে সেলিম (৯) জয়পুরহাটে চলে গিয়েছিলো। সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধানে মঙ্গলবার জয়পুরহাটের জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস বাবা সোলায়মান আলীর কাছে সেলিমকে তুলে দেন। অশোক কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেলিম ২০০৯ সালের ২৪ অক্টোবর দিক ভুল করে ময়মনসিংহ থেকে জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ী বাজারে চলে আসে। সেখানে স্থানীয় লোকজন সেলিমকে পেয়ে কালাই থানা পুলিশের কাছে নিয়ে যায়। এরপর সেলিমকে সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধানে দেওয়া হয়। শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক এসএম কাউছার রহমান জয়পুরহাট এতিমখানায় সেলিমের থাকার ব্যবস্থা করেন। বর্তমানে সেলিম দ্বিতীয় শ্রেণীর ছাত্র। সেলিম তার পরিচয় জানাতে না পারলেও ময়মনসিংহে তাদের বাড়ি- এ কথা বলতে পারতো। এরই সুত্র ধরে শিশু পরিবারের পক্ষ থেকে ময়মনসিংহে সমাজসেবা অধিদপ্তরে যোগাযোগ করা হয়। ময়মনসিংহ সমাজসেবা কার্যালয় থেকে সাড়া পাওয়ার পর জয়পুরহাট থেকে শিশু পরিবারের বড় ভাইয়া আলী রেজার সাথে সেলিমকে গত ৬ ডিসেম্বর ময়মনসিংহ পাঠানো হয়। আলী রেজা ময়মনসিংহ এসে সেলিমকে নিয়ে শহরের সব জায়গায় ঘুরে বেড়ান। কিন্তু সেলিমের ঠিকানা সনাক্ত করতে পারেননি। তিনি সেলিমকে নিয়ে ধুবাউড়া উপজেলা সদরে যান। উপজেলা শহরে ঘুরে বেড়ানোর সময় একটি এলাকায় মোবাইল টেলিফোন কোম্পানির টাওয়ার দেখে সেলিম তার মামার দোকান সনাক্ত করতে সক্ষম হয়। দোকানের সামনে সেলিমকে দেখেই মামা তাকে চিনতে পারেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর সেলিমকে ফিরে পেতে তার বাবা সোলায়মান আদালতের মাধ্যমে জয়পুরহাট সরকারি শিশু পরিবারে আবেদন করেন। আদালত পরিচয় সনাক্ত করে সেলিমকে বাবা-মায়ের কাছে তুলে দেওয়ার নির্দেশ দেয়। সোলায়মান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চার ছেলে মেয়ের মধ্যে সেলিম দ্বিতীয়। হারানোর পর সেলিমের মা শোকে পাথর হয়ে গিয়েছিলেন। সোলায়মান জানান, তিনি নিজেও ঢাকায় রিক্সা চালানোর ফাঁকে ফাঁকে হন্যে হয়ে ছেলেকে খুঁজেছেন। দীর্ঘদিনেও ছেলেকে না পেয়ে তিনি ছেলের আশা ছেড়েই দিয়েছিলেন। হারানো ছেলেকে ফিরে পেয়ে ভীষণ খুশি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/২০১৭ ঘ.