২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৯ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ

বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বাধ্যতামূলক অবসর দেওয়া ৩৯ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2010, 12:54 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বাধ্যতামূলক অবসর দেওয়া ৩৯ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে কনস্টেবল ও পরিদর্শক পদের এই ৩৯ পুলিশ সদস্যের বাধ্যতামূলক অবসর অবৈধ ঘোষণা করে তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধেরও নির্দেশ দেয় আদালত। মঙ্গলবার বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ পুলিশের উপ-পরিদর্শক সারওয়ারসহ এই ৩৯ জনের এক রিট আবেদনে এই রায় দেয়। ২০০৩ সালে চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় তাদেরকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। গত অগাস্টে তারা এর বৈধতা প্রশ্নে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন। এর ওপর শুনানিতে আবেদনকারীর পক্ষে অ্যাডভোকেট এস এম জাফর সাদিক বলেন, "কোনো কারণ না দেখিয়ে ও আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এই ৩৯ জনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। এই রায়ের ফলে আবেদনকারীরা তাদের চাকরি ও বেতন ভাতাদি ফিরে পাবেন।" সরকারপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল করুণাময় চাকমা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/ ১৮৫০ঘ.