২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় আগুনে ৫০ ঘর ছাই, আহত ১০

নারায়ণগঞ্জে একটি জ্বালানি তেলের দোকানে আগুন লেগে আশেপাশের ৫০টি ঘর ও পাঁচটি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2010, 12:26 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে একটি জ্বালানি তেলের দোকানে আগুন লেগে আশেপাশের ৫০টি ঘর ও পাঁচটি দোকান পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে শহরের খানপুরে নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটি ফাজিলপুর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর আড়াইটায় ফাজিলপুর এলাকার আব্দুস সালামের চোরাই জ্বালানি তেলের দোকানে একটি রিকশা ভ্যান থেকে ড্রামে অকটেন ঢালার সময় আকস্মিকভাবে আগুন ধরে যায়। মুহুর্তেই আগুন পাশের বস্তির ঘর ও দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের শিখা প্রায় ৪০/৫০ ফুট পর্যন্ত ওপরে উঠে যায়। নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে বস্তির প্রায় ১০জন আহত হয়েছে। এদের মধ্যে মফিজ (৫০) নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে ধারণা করছেন ওসি জীবন কান্তি সরকার। বস্তির বাসিন্দা রুখি বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার প্রতিবন্ধী এক শিশু ছাড়া ঘর থেকে আর কিছুই বের করে আনতে পারিনি। আমার সবকিছু পুড়ে গেছে।" নাম প্রকাশ না করার শর্তে এক বস্তিবাসী জানান, ফতুল্লার পঞ্চবটিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নিয়ন্ত্রণাধীন পদ্মা ও যমুনা তেল ডিপোকে কেন্দ্র করে ওই এলাকায় কিছু চোরাই জ্বালানি তেলের দোকান গড়ে উঠেছে। ট্যাঙ্কলরিগুলো ডিপো থেকে তেল নিয়ে যাওয়ার সময় এইসব চোরাই তেলের দোকানগুলোতে অবৈধ ও বিপজ্জনকভাবে তেল পাচার করে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আহসানুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগুন নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত করে দেখা হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/১৮২৪ ঘ.