চট্টগ্রাম, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিইপিজেডে সংঘর্ষ ও হামলার ঘটনায় সোমবার আরেকটি মামলা হয়েছে।
শ্রমিকদের হামলায় আহত বৈশাখী টেলিভিশনের ব্যুরো প্রধান হাসান ফেরদৌস সন্ধ্যায় বন্দর থানায় এই মামলাটি দায়ের করেন।
এ নিয়ে মামলার সংখ্যা হল চার। এর আগে পুলিশ বাদী হয়ে রোববার গভীর রাতে তিনটি মামলা করে।
বন্দর থানার উপ-পরিদর্শক আবু তৈয়ব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় অজ্ঞাতনামা ৩০ জনকে আসামি করা হয়েছে।
রোববার দুপুরে ইপিজেড মোড়ে দায়িত্ব পালনকালে বিক্ষুব্ধ শ্রমিকরা হাসান ফেরদৌসের ওপর হামলা চালায়। এ সময় শ্রমিকরা তার মোটরসাইকেল জ্বালিয়ে দেয় এবং সঙ্গে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়।
এছাড়া শ্রমিকরা দৈনিক ইনকিলাবের ফটো সাংবাদিক কুতুব চৌধুরীর ওপরও হামলা চালিয়ে তার ক্যামেরা ভেঙ্গে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২৩২৯ ঘ.
bdnews24