ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, স্বাধীন বাংলা ফুটবল দল ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীসহ সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল।
এ লক্ষ্যে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তেজগাঁওয়ে চ্যানেল আই আয়োজিত বিজয় মেলায় হাসপাতালটি একটি বিশেষ স্বাস্থ্যসেবা বুথ স্থাপন করবে বলে জানিয়েছেন এর পরিচালক মাহবুবুল আলম বাবু।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিজয় মেলায় হাসপাতালের বুথে মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখা এসব ব্যক্তিত্বের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সেবা দেওয়ার আয়োজন থাকবে।
এছাড়া গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী-সাহিত্যিক, সঙ্গীত শিল্পী ও লেখক সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষকেও এ সেবা দেওয়া হবে।
এ স্বাস্থ্যসেবা বুথে উচ্চতা ও ওজন পরিমাপসহ বিএমআই নির্ধারণ, রক্তচাপ পরিমাপ, রক্তের গ্র"প পরীক্ষা, ব্লাড সুগার পরীক্ষাসহ পরামর্শ, চিকিৎসাপত্র এবং ঔষধ দেওয়া হবে।
ধানমণ্ডিতে অবস্থিত এ হাসপাতালটি মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা যুদ্ধে শহীদ পরিবার ও ৭১'র স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের চিকিৎসায় বিশেষ ছাড় দেয় বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৮৩৭ ঘ.
bdnews24