২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে জলাধার ভরাট বন্ধের নির্দেশ আদালতের

রাজশাহী মহানগর ও এর আশপাশে অবৈধ স্থাপনা নির্মাণ, নদী, পুকুর, খাল ও প্রাকৃতিক জলাধার ভরাট আগামী তিন মাস বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2010, 10:19 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মহানগর ও এর আশপাশে অবৈধ স্থাপনা নির্মাণ, নদী, পুকুর, খাল ও প্রাকৃতিক জলাধার ভরাট আগামী তিন মাস বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ হেরিটেজ রাজশাহী নামের একটি পরিবেশবাদী সংগঠনের দায়ের করা রিট আবেদনে এই আদেশ দেয়। পাশাপাশি নদী, পুকুর, খাল ও প্রাকৃতিক জলাধার রক্ষা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের আদেশ কেন দেওয়া হবে না তার কারণ জানাতে সরকারকে তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। পরিবেশবাদী সংগঠন হেরিটেজ রাজশাহী সোমবারই রিট আবেদনটি দায়ের করে। গৃহায়ন ও গণপূর্ত সচিব, ভূমি সচিব, পরিবেশ ও বন সচিব, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, রাজশাহীর জেলা প্রশাসক, পুলিশ কমিশনার এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীকে এর জবাব দিতে বলা হয়েছে। রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে দেওয়ান এম এ ওবায়েদ হোসেন বলেন, "রাজশাহী শহরে ও আশপাশে নদী, পুকুর, খাল ও জলাধার ভরাট এবং অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এতে সেখানের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।" সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন বলেন, "অবৈধ কোনো স্থাপনা নির্মাণ করা হলে সরকার তা উচ্ছেদে ব্যবস্থা গ্রহণ করবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/১৬১৩ ঘ.