ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ডেমরার আহমেদ লতিফ বাওয়ানি নামের পাটকলে আগুন লাগার ঘটনায় মিলের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপকসহ চারজনকে আটক করা হয়েছে।
আটকৃতরা হলেন- মিলের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক মো. এনামুল হক, উপ-ব্যবস্থাপক জিয়াউর রহমান, সহ ব্যবস্থাপক মীর মোশারফ হোসেন ও নিরাপত্তা কর্মকর্তা এস এম মহিদুল ইসলাম।
ডেমরা থানার ওসি মো: নুরুল মোত্তাকিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিজ্ঞসাবাদের জন্য ওই চারজনকে রোববার মধ্যরাতে আটক করা হয়। তাদের থানা হাজতে রাখা হয়েছে।
রোববার রাত সাড়ে ৮টার দিকে আহমেদ লতিফ বাওয়ানি পাটকলের একটি গুদামে আগুন লাগে। এরপর তা পাশের তিনটি গুদামে ছড়িয়ে পড়ে।
সোমবার সকাল সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা নাজমা আক্তার জানিয়েছেন।
তিনি বলেন, "১০ ঘণ্টায় চারটি গুদাম পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। আগুন কোথা থেকে লেগেছে তাও জানা যায়নি।"
চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করে বলে দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে আনিসুর রহমান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/এজে/১৫৪৫ ঘ.
bdnews24