চট্টগ্রাম, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাউজান এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, জেহাদী বইসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাত উল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি) এর সদস্য বলে জানিয়েছে র্যাব। এদের মধ্যে একজন অস্ত্র প্রশিক্ষকও আছে।
র্যাব-৭ এর প্রধান কর্নেল সাজ্জাদ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার ভোর রাতে রাউজানের গহীন পাহাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আবুল ফারহা রুম্মান, আবুল কাশেম, সালাউদ্দিন হোসাইনি, আব্দুল্লাহ আল আমিন ও মো. মাহফুজ।
কর্নেল সাজ্জাদ হোসাইন বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারীর আমান বাজার এলাকা থেকে মাহফুজ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে রাউজান উপজেলার শেষ প্রান্তে গোদার পাড় এলাকার দুর্গম রাবার বাগানে অস্থায়ী ক্যাম্প থেকে বাকি চারজনকে গ্রেপ্তার করা হয়।"
তিনি জানান, রাবার বাগান সংলগ্ন জায়গাটি হুজি সদস্যরা অস্ত্র প্রশিক্ষণের অস্থায়ী ক্যাম্প হিসেবে ব্যবহার করত। সেখান থেকে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম, জেহাদী ও সাংগঠনিক বই এবং বোমা তৈরির নকশা, ১২ টি ককটেল উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ হুজি সংগঠনের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং তাদের কাছ থেকে পাওয়া সরঞ্জাম থেকে নিশ্চিত হওয়া গেছে।
চট্টগ্রামের দুর্গম পাহাড়ি অঞ্চলে তাদের আরো কয়েকটি আস্তানা রয়েছে উল্লেখ করে কর্নেল সাজ্জাদ জানান, পর্যায়ক্রমে অন্য সদস্যদের গ্রেপ্তার করা হবে।
এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/১৩১০ ঘ.