২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মহানগরীকে দুইভাগ করা সিদ্ধান্ত আত্মঘাতী: পিডিপি

ঢাকা মহানগরীকে দুইভাগ করে দুটি সিটি করপোরেশন করার যে সিদ্ধান্ত ক্ষমতাসীন দল নিয়েছে তা আত্মঘাতী বলে মন্তব্য করেছে গ্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2010, 12:48 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীকে দুইভাগ করে দুটি সিটি করপোরেশন করার যে সিদ্ধান্ত ক্ষমতাসীন দল নিয়েছে তা আত্মঘাতী বলে মন্তব্য করেছে গ্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের চেয়ারম্যান ফেরদৌস আহমদ কোরেশী। তিনি বলেন, "ঢাকা মহানগরীকে দুইভাগ করে দুটি সিটি করপোরেশন করার প্রস্তাব উঠেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে। কিন্তু জনবহুল এ মহানগরের আয়তন তুলনামূলকভাবে কম। তাই দুটি করপোরেশন করা হলে সমন্বয়হীনতার কারণে জনগণের দুর্ভোগ বেড়ে যাবে।" এজন্য দুটি সিটি করপোরেশন করার সিদ্ধান্ত আত্মঘাতী বলে মন্তব্য করেন তিনি। দুই ভাগ করার সিদ্ধান্তকে অদূরদর্শী পদক্ষেপ উল্লেখ করে তিনি বলেন, "এর ফলে রাজউক, ওয়াসা, পিডিবি, ট্রাফিকব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে।" ঢাকা সিটি করপোরেশনের একক সত্ত্বা বজায় রেখে স্বশাসিত 'নগর সরকার' গঠনেরও প্রস্তাব করেন তিনি। প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, "সিটি করপোরেশন পরিচালনায় একজন মেয়র, একাধিক ডেপুটি মেয়র, প্রত্যেক ওয়ার্ডে একজন মেয়র এবং ১২ জন নির্বাচিত কাউন্সিলর থাকবে।" দলের পক্ষ থেকে শিগগিরই ওই প্রস্তাব প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং সিটি করপোরেশনের মেয়রের কাছে লিখিতভাবে তুলে ধরা হবে বলে জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "পিডিপি একটি নির্বাচনমুখী দল। তাই প্রার্থী দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।" সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এহছানুল হক সেলিম, স্থায়ী কমিটির সদস্য খালেকুজ্জামান চৌধুরী, সহ-সভাপতি সুধীর কুমার হাজরা, কোষাধ্যক্ষ নরুল আজহার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/ কেএমএস/১৮৪২ ঘ.