২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজটি সোমালিয়ায়

২৫ জন বাংলাদেশি নাবিকসহ আরব সাগরে ছিনতাই হওয়া জাহাজ জাহান মনিকে জলদস্যুরা সোমালিয়ায় ভিড়িয়েছে বলে জাহাজের মালিক প্রতিষ্ঠান জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2010, 05:35 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাই হওয়া জাহান মনি-কে জলদস্যুরা সোমালিয়ায় নিয়ে গেছে বলে বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি মালিকরা জানিয়েছে। জাহাজের মালিক প্রতিষ্ঠান ব্রেভ রয়েল শিপিং ম্যানেজম্যান্ট লিমিটেড উপগ্রহ থেকে পাওয়া চিত্র পর্যবেক্ষণ করে শনিবার বলেছে, শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টা ২৩ মিনিটে জাহাজটি সোমালিয়া উপকূলে পৌঁছে। ব্রেভ রয়েল শিপিং ম্যানেজম্যান্টের মেরিন সুপারিটেন্ডেন্ট ক্যাপ্টেন মো. গোলাম মোস্তাফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জলদস্যুরা সোমালিয়ার উপকূলীয় গ্রাম গারাডের পূর্ব দিকে নিয়ে জাহাজটি নোঙর করেছে। জাহাজে অবস্থানরত ক্রু বা জলদস্যু প্রতিনিধি- কারো সঙ্গেই এখন পর্যন্ত যোগাযোগ করা যায়নি জানিয়ে তিনি বলেন, শনিবার সকালেও জাহাজের স্যাটেলাইট টেলিফোনে কল করা হয়। তবে অন্য প্রান্ত থেকে কেউ সাড়া দেয়নি। পরবর্তী করণীয় সম্পর্কে জানতে চাইলে ক্যাপ্টেন মোস্তফা বলেন, "জলদস্যুদের পক্ষ থেকে যোগাযোগ করলে আমরা উদ্যোগ নেবো।" সরকারও জাহাজ ছিনতাইয়ের ঘটনার পর মালিকপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানান তিনি। গত ৫ ডিসেম্বর আরব সাগরে ভারতীয় জলসীমায় ২৫ জন ক্রু এবং প্রধান প্রকৌশলীর স্ত্রীসহ 'জাহান মনি' ছিনতাই হয়। এরপর থেকে জাহাজের ক্রুরা যোগাযোগবিচ্ছিন্ন। ক্যাপ্টেন মোস্তফা জানান, জাহাজে থাকা ক্রুদের পরিবারের উদ্বিগ্ন সদস্যরা মালিক প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১১৩০ ঘ.