২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাস জমি দখলের চেষ্টাকালে ১ জনকে কারাদণ্ড

রাজধানীর নিউমার্কেট থানার কাটাবন এলাকায় সরকারি খাস জমি দখলের চেষ্টাকালে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2010, 10:39 AM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নিউমার্কেট থানার কাটাবন এলাকায় সরকারি খাস জমি দখলের চেষ্টাকালে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আদালত এ সময় দণ্ডিত ব্যক্তির ছেলেকে সতর্ক করে দেন। ভূমি কর্মকর্তাকে গালাগালি ও অশোভন আচরনের কারণে আদালত একই সময় শামীম হাসান নামের এক যুবককে তিন হাজার টাকা জরিমানা ও অনাদায়ে পনের দিনের কারাদণ্ড দেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালিত হয়। ঢাকা জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আল-আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নতুন পল্টন লাইন মৌজার হালে ধানমণ্ডি ১ নম্বর খতিয়ানের দশমিক ষোল শতাংশ সরকারি খাস জমি যার আরএস-৫৭৫৫/৫৭৫৭, সিএস-১২৮ ও এসএ ১৩৫৭ ফেকু এন্ড গং শুক্রবার সকালে দখলের চেষ্টা করে। এ সময় ভূমি অফিসের লোকজন বাধা দিলে তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়। এ অপরাধে জড়িত থাকার কারণে ফেকু মিয়ার পুত্র লাল মিয়াকে তিন মাসের কারাদণ্ড দেন আদালত। লাল মিয়ার ছেলে নজরুল ইসলাম শাওন ছাত্র বিধায় তাকে সাজা না দিয়ে আদালত তাকে সতর্ক করে দিয়েছেন। ভূমি সহকারী কর্মকর্তা আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১ নম্বর খতিয়ানের দেড়শ বছরের খাস জমিটি ফেকু ও তার লোকজন শুক্রবার সকালে দখলের চেষ্টাকালে আমরা বাধা দেই। এতে লাল মিয়া ও তার ছেলে আমাদেরকে হত্যার হুমকি দেয়। আমরা বিষয়টি জেলা প্রশাসককে জানালে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে এসে তাদের গ্রেপ্তার করে সাজা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/১৬৩২ ঘ.