চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
বিডিআর জানিয়েছে, শুক্রবার ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কালু মিয়া (৩০) গরু ব্যবসায়ী ছিলেন। তিনি শিবগগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুটাপাড়া-সাহাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশি কয়েকজন গরু ব্যবসায়ী রাত ৩টার দিকে মাসুদপুর সীমান্তের ১৬৮ মেইন পিলারের কাছ দিয়ে ভারত থেকে ফিরছিলেন।
তিনি বলেন, "এসময় মালদাহর শুভপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই কালু মিয়ার মৃত্যু হয়। তারপর সঙ্গীরা তার লাশ বাংলাদেশে নিয়ে আসে। খবর পেয়ে সকালে পুলিশ কালু মিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।"
বিডিআর কর্মকর্তা নজরুল জানান, এ ঘটনায় বিডিআর বিএসএফকে প্রতিবাদ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২০৭ ঘ.
bdnews24