নাটোর, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রাম উপজেলার দাঁইড়পাড়া গ্রামে রাতের অন্ধকারে দুশ পেয়ারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
এলাকাবাসী জানায়, দাঁইড়পাড়ায় পেয়ারাচাষী আনোয়ার সাদাতের দুই বিঘা জমিতে বারোমাসি জাতের দুশ থাই পেয়ারা গাছ দুর্বৃত্তরা বুধবার রাতে কেটে ফেলে রেখে যায়। প্রায় ২ বছর বয়সী এই গাছগুলোতে আগামী ২-৩ মাসের মধ্যেই ফলন শুরু হতো। এ জাতের প্রতিটি গাছে গড়ে ৩৫-৪০ কেজি পেয়ারা ধরে। সে অনুয়ায়ী শুধু চলতি মৌসুমেই বাগান মালিকের আনুমানিক ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাগানে গিয়ে আনোয়ার সাদাত কাটা গাছগুলো পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। এলাকার শত শত মানুষ ঘটনাস্থলে গিয়ে দু:খ প্রকাশ করেন।
আনোয়ার সাদাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি এ জমি ইজারা নিয়ে গত কয়েকবছর ধরে বরই ও পেয়ারা আবাদ করে আসছি। কিন্তু ইজারার মেয়াদ থাকা সত্ত্বেও জমির মালিক মোজাম্মেল হক ওরফে উকিল জমি ছেড়ে দেওয়ার জন্য আমাকে চাপ দেন। কিন্তু আমি জমি ছাড়তে রাজি হইনি। এই আক্রোশে এ ঘটনা ঘটে থাকতে পারে।"
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, "এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২৪৪ ঘ.
bdnews24