২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি প্রতিরোধে সরকারে আস্থা জনগনের

বাংলাদেশের ৬৬ শতাংশ মানুষ দুর্নীতির শিকার হয়। আর দুর্নীতি প্রতিরোধে জনগণ সরকারের উপরই নির্ভর করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2010, 04:09 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের ৬৬ শতাংশ মানুষ দুর্নীতির শিকার হয়। আর দুর্নীতি প্রতিরোধে জনগণ সরকারের উপরই নির্ভর করে। বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর এক সমীক্ষা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত তিন বছরে বিশ্বজুড়ে দুর্নীতির মাত্রা বৃদ্ধি পেয়েছে। এ সময়ে প্রতি দশ জন মানুষের মধ্যে ছয় জনই দুর্নীতির শিকার হয়েছেন। পাশাপাশি প্রতি চারজনের মধ্যে একজনকে বিভিন্ন কাজের জন্য ঘুষ দিতে হয়েছে। জনগণের অভিমত ও অভিজ্ঞতা ভিত্তিক 'গ্লোবাল করাপশন ব্যারোমিটার' (বিশ্বব্যাপী দুর্নীতির পরিমাপক) শিরোনামের সমীক্ষা প্রতিবেদনটি বৃহস্পতিবার সারাবিশ্বে একযোগে প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে যে অংশ সংযুক্ত আছে তা নিয়ে টিআইবি রাজধানীর মহাখালীতে ব্র্র্যাক সেন্টার ইন-এ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবি'র চেয়ারম্যান এম. হাফিজউদ্দিন খান, অন্যতম ট্রাস্টি অধ্যাপক মোজাফফর আহমদ। টিআইবি'র চেয়ারম্যান বলেন, "প্রতিবেদন অনুযায়ী বিশ্বজুড়ে সরকার, রাজনৈতিক নেতৃত্ব ও সংসদের উপর জনগনের আস্থা হ্রাস পেলেও বাংলাদেশের জনগণ দুর্নীতি প্রতিরোধে সরকার ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি নির্ভরতার কথা বলেছেন, যা আশাব্যঞ্জক ও সরকারের নির্বাচনী অঙ্গীকারের প্রতি চলমান জনসমর্থনের পরিচায়ক।" পুলিশ, জনপ্রশাসন, রাজনৈতিক দল ও বিচার বিভাগের মত গুরুত্বপূর্ণ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি বিরাজ করছে বলে সমীক্ষার ফলাফলে উঠে এসেছে। বাংলাদেশে ৭৯ শতাংশ উত্তরদাতা পুলিশকে সর্বাধিক দুর্নীতিগ্রস্থ খাত হিসাবে চিহ্নিত করেছে। এ ছাড়াও ৬৮ শতাংশ উত্তরদাতা জনপ্রশাসনকে, ৫৮ শতাংশ রাজনৈতিক দল এবং ৪৩ শতাংশ উত্তরদাতা বিচারবিভাগকে সবচেয়ে দুর্নীতিগ্রস্থ খাত বলে চিহ্নিত করেছেন। বাংলাদেশ ঘুষ গ্রহণের ক্ষেত্রে সর্বাধিক ৭৫ শতাংশ উত্তরদাতা পুলিশকে সর্বাধিক ঘুষগ্রহীতা বলে উল্লেখ করেছে। এরপর বিচার বিভাগে ৬৪ শতাংশ, ভুমি সেবায় ৪৮ শতাংশ এবং রেজিস্ট্রেশন ও পারমিট সেবায় ৪৮ শতাংশ ও পরিসেবা (বিদ্যুৎ, টেলিফোন, পানি) খাতে ৩৪ শতাংশ উত্তরদাতা সেবা নিতে গিয়ে ঘুষ দিয়েছে বলে জানিয়েছে। এ অবস্থা সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানকে ক্রমান্বয়ে দুর্বলতর করবে বলে আশঙ্কা প্রকাশ করেন হাফিজউদ্দিন খান। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে বিগত তিন বছরে দুর্নীতির মাত্রায় কোনো পরিবর্তন এসেছে কি না- এ প্রশ্নের জবাবে ৪৬ শতাংশ উত্তরদাতা বলেছেন দুর্নীতি বেড়েছে। দেশে বর্তমান সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের মূল্যায়ন সংক্রান্ত প্রশ্নের জবাবে ৫৭ শতাংশ উত্তরদাতা বিষয়টি ইতিবাচক বলে মন্তব্য করেছেন। সমীক্ষায় প্রতিবেদন অনুযায়ী ৫৫ শতাংশের বেশি উত্তরদাতা মনে করেন, দুর্নীতি বিরোধী অভিযানে সবচেয়ে বেশী অবদান রাখতে পারে সরকারি নেতৃত্ব। তবে ১৫ দশমিক ২ শতাংশ মনে করেন, সরকারের পর গণমাধ্যম এ ক্ষেত্রে অবদান রাখতে পারে। প্রতিবেদনে দুর্নীতির মাত্রা বিবেচনায় বিশ্বব্যাপী উত্তরদাতাদের মধ্যে ৭৯ শতাংশই রাজনৈতিক দলকে সবচেয়ে বেশি দুনীতিগ্রস্থ বলে মন্তব্য করেছে। এ বছর বাংলাদেশ বিশ্বের ৮৬টি দেশের ৯১ হাজারের বেশি মানুষের উপর এ সমীক্ষা চালানো হয় বলে টিআইবির পক্ষ থেকে জানানো হয়। এর আগে আরো ৬ বার এ ধরনের প্রতিবেদন প্রকাশিত হলেও বাংলাদেশ এ বছর প্রথম এতে অর্ন্তভূক্ত হয়। বাংলাদেশে স্তরায়িত গুচ্ছ নমুনায়ন পদ্ধতির মাধ্যমে চলতি বছরের ৯ জুন থেকে ২০ জুলাই পর্যন্ত জরিপ চালানো হয়। এতে ৬৪ জেলার নগর ও পল্লী অঞ্চলের ১ হাজার ৪৯জন উত্তরদাতার মতামত নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/ কেএমএস/২২০০ ঘ.