গাজীপুর, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নতুন মজুরি কাঠামো অনুযায়ী বেতন দেওয়াসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছে।
বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলার রতনপুর ও সফিপুর এলাকার দু'টি পোশাক কারখানায় বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেছে।
সন্ধ্যায় উপজেলার চন্দ্রা মোড় এলাকার আরেকটি কারখানায় নতুন মজুরি কাঠামো অনুযায়ী বেতন দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
কালিয়াকৈর থানার ওসি আমির হোসেন সাংবাদিকদের জানান, রতনপুর এলাকার করোনি নিট কম্পোজিট লিমিটেডের জ্যেষ্ঠ শ্রমিকরা দাবি করেন তারা নতুন মজুরি কাঠামো অনুযায়ী বয়োজ্যেষ্ঠদের তুলনায় কম বেতন পাচ্ছে।
বেতন বাড়িয়ে দেওয়ার দাবিতে তারা কাজ বন্ধ করে দেয়। পরে কারখানার ভেতর বিক্ষোভ করতে থাকে।
ওসি জানান, কারখানা কর্তৃপক্ষ বিষয়টি মীমাংসা করতে গেলে বিক্ষোভকারীরা ভাংচুরের চেষ্টা চালায়। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করলেও শ্রমিকরা কাজ না করে কারখানা ত্যাগ করে।
অপরদিকে সফিপুর আনসার একাডেমির সামনের গোমতি টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা একই দাবিতে সকাল থেকে বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করে।
পরে কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা দুুপুর ২টার দিকে কাজে যোগ দেয় বলে ওসি জানান।
নতুন বেতন কাঠামোতে বেতন কম বাড়ায় চন্দ্রা মোড়ের নূরুল ওয়্যার লিমিটেডের শ্রমিকরা সন্ধ্যায় বিক্ষোভ করে। তারা এক পর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে।
এতে মহাসড়কে যান চলালচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান সাংবাদিকদের দুপুরে কারখানা কর্তৃপক্ষ নতুন কাঠামোতে নভেম্বর মাসের বেতন দেয়।
এই বেতন কাঠামো অনুযায়ী চতুর্থ গ্রেডের শ্রমিকদের বেতন কম বেড়েছে দাবি করে ওই গ্রেডের শ্রমিকরা।
এ নিয়ে তারা সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কারখানার সামনে বিক্ষোভ শুরু করে।
এসআই জানান, খবর পেয়ে কালিয়াকৈর থানা ও শিল্প পুলিশ ঘটাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ কর্মকর্তা জানান, কারখানা কর্তৃপক্ষ আগামী শনিবার বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়েছে। কারখানা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আশুলিয়ায় শ্রমিক ছাঁটাই
শ্রমিক অসন্তোষ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ৫০ শ্রমিককে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ।
ঘটনার পাঁচদিন পর বৃহস্পতিবার সকালে খোলা হয় জামগড়া এলাকার ইউনিভার্স নিটিং গার্মেন্টস লিমিটেড। কারখানা খোলার পর এই শ্রমিকদের ছাঁটাই করা হলো।
আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম শ্রমিক ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাঁটাই করা শ্রমিকরা তাদের পাওনাদি বুঝে নিয়ে চলে গেছে। তারা কোন বিশৃঙ্খলার সৃষ্টি করেনি। তবুও কারখানার সামনে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
পুলিশ জানায়, গত ১ ও ২ ডিসেম্বর শ্রমিকদের হামলা ও মারধরের ঘটনায় কর্তৃপক্ষ ৪ ডিসেম্বর সকালে কারখানাটি অনিদির্ষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা করে।
ওই দিন বন্ধের নোটিশ দেখে ক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় মোতায়েন পুলিশের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
এ ঘটনায় রাতেই পুলিশ বাদি হয়ে ৮১৯ শ্রমিকের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০১ ঘ.
bdnews24