২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া সনদে ১৫ বছর চাকরি

বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা শিক্ষাগত যোগ্যতার ভুয়া সনদ দিয়ে ১৫ বছর ধরে চাকরি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 11:09 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা শিক্ষাগত যোগ্যতার ভুয়া সনদ দিয়ে ১৫ বছর ধরে চাকরি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মন্ত্রণালয়ের ট্রেড অর্গানাইজেশন-২ (টিও) শাখায় কর্মরত এ কর্মকর্তার নাম মো. মোক্তার আলী হাওলাদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক অনুসন্ধানে উক্ত কর্মকর্তার ভুয়া সনদের ফটোকপি পাওয়া গেছে। ১৯৯১ সালে অষ্টম শ্রেণীর সনদ দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসন শাখায় পিয়ন পদে যোগদান করে মোক্তার। পরে ১৯৯৫ সালে অফিস সহকারি কাম মুদ্রাক্ষরিক পদে পদোন্নতি পায়। কিন্তু এ পদোন্নতি পাওয়ার সময় তিনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা পাসের ভুয়া সনদ জমা দেন। সর্বশেষ এ বছরের মে মাসে প্রশাসনিক কর্মকর্তা পদে তিনি পদোন্নতি পান। প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পদোন্নতি পাওয়ার পর তার বেতন ছাড় করানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসএসসির মূল সনদ দেখতে চায়। তখন তিনি গড়িমসি করতে থাকেন। এক পর্যায়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে মোক্তার হোসেনের সনদ ভুয়া কিনা জানতে চাওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে গত ২৪ নভেম্বর যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের পক্ষে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আজমল গণি স্বাক্ষরিত এক পত্রে বাণিজ্য সচিবকে জানানো হয়, মোক্তারের সনদ ভুয়া। ওই পত্রে বলা হয়, 'বাণিজ্য মন্ত্রণালয়ে কর্মরত মো. মোক্তার আলী হাওলাদার, পিতা: মরহুম আব্দুল আলী হাওলাদারের মাধ্যমিক পরীক্ষায় পাশকৃত সনদের ফটোকপি যাচাইয়ের জন্য ৫০ টাকার ব্যাংক ড্রাফটসহ আবেদন পাওয়া যায়। বোর্ডে রক্ষিত রেকর্ডের সঙ্গে উক্ত সনদের ফটোকপিটি যাচাই করা হয়। কিন্তু উহা ভুয়া বলে প্রমাণিত হয়।' পত্রে আরো বলা হয়, '১৯৮৭ সালে মাধ্যমিক পরীক্ষায় কালাশুরী কেন্দ্রের রোল নম্বর বরাদ্দ দেওয়া হয়েছিলো ১ থেকে ৭২৯ পর্যন্ত। কিন্তু মোক্তারের সনদে রোল নম্বর ১৩৮০ থাকায় তা ভুয়া বলে প্রমাণিত হয়।' মোক্তারের ভুয়া সনদপত্র অনুযায়ী তিনি ১৯৮৭ সালের ১৮ জুলাই যশোর শিক্ষা বোর্ডের অধীনে ছিটকা মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। এতে তার জন্ম তারিখ উল্লেখ রয়েছে ১৯৭১ সালের ১ মার্চ। সনদ ভুয়া কিনা জানতে চাইলে মোক্তার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সনদ ভুয়া না সত্য তা দেখালেই প্রমাণ পাবেন।" এই প্রতিবেদক সনদ দেখতে চাইলে তিনি বলেন, "সনদ তো মন্ত্রণালয়ে জমা দেওয়া আছে তাই দেখানো সম্ভব হচ্ছে না।" এ ব্যাপারে বাণিজ্য সচিব গোলাম রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই কর্মকর্তার সনদ ভুয়া হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" দুই একদিনের মধ্যে ওই কর্মকর্তার আসল সনদ দেখতে চাওয়া হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/১৬৫৪ ঘ.