২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক পক্ষের বয়কটের মধ্যে ভোট হলো সিসিসিআইতে

এক পক্ষের বয়কটের মধ্যেই চট্টগ্রাম শিল্প ও বণিক সমিতির (সিসিসিআই) নির্বাচন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 05:26 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক পক্ষের বয়কটের মধ্যেই চট্টগ্রাম শিল্প ও বণিক সমিতির (সিসিসিআই) নির্বাচন হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে তা বিকাল ৪টা পর্যন্ত চলে। সিসিসিআই'র নির্বাহী কমিটির এ নির্বাচন বাণিজ্য মন্ত্রণালয় বন্ধ করলেও সোমবার আদালত সে আদেশ স্থগিত করায় নির্বাচন হয়। সরকারি আদেশ স্থগিতের পাশাপাশি কয়েকটি নির্দেশনাও দেয় হাইকোর্ট। নির্বাচনে দুটি প্যানেল থাকলেও আওয়ামী লীগ সংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে সিসিসিআই'র সাবেক সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাভেদের নেতৃত্বাধীন 'ব্যবসায়ী পরিষদ' মঙ্গলবার সকালে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। সাইফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নমিনি ভোটারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা মানা হচ্ছে না। তাই আমরা প্রহসনের এ নির্বাচনে অংশ নিচ্ছি না।" নির্বাচন কমিশনার নজমুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাচন হচ্ছে। ব্যবসায়ী পরিষদ বর্জন করলেও আওয়ামী লীগ সংসদ সদস্য ও সিসিসিআই'র বর্তমান সভাপতি এমএ লতিফের নেতৃত্বাধীন 'চেম্বার পরিষদ' নির্বাচনে অংশ নেয়। লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রার্থীদের কেউ কেউ ভোট বর্জনের কথা বললেও ভোটাররা বর্জন করেনি। তাদের উপস্থিতিই তা প্রমাণ করে।" নমিনি ভোটারের নামে ভুয়া ভোটার তালিকাভুক্তির অভিযোগে গত ২ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয় এক আদেশে সিসিসিআই নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে। এ বিরুদ্ধে চেম্বার পরিষদের নেতা এমএ সালাম রিট আবেদন করলে সোমবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ সরকারের আদেশ স্থগিত করে। নির্বাচনে লতিফ কিংবা সাইফুজ্জামান কেউই প্রার্থী হননি। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬ হাজার ৬৭০ জন। মোট ২৪ জন পরিচালক নির্বাচনের জন্য এ ভোট হলো। এর মধ্যে ট্রেড ও টাউন গ্র"পের ৬ জন ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৬১০ ঘ.