কমছে আবাদি জমি, কমছে ফলন
বাগেরহাটে ক্রমেই আবাদি জমি কমছে, ফলে কমে যাচ্ছে ধানের ফলনও। কৃষি কর্মকর্তাসহ বিশেষজ্ঞরা বলছেন, চিংড়ির ঘেরের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এই পরিণতি। বিস্তারিত জানাচ্ছেন অলীপ ঘটক।
বাগেরহাটের মংলা উপজেলার কালিকাবাড়ী গ্রামের বিনোদ মণ্ডল (৬১) ছিলেন স্বচ্ছল কৃষক। দেড় দশক আগেও তার একশ’ দুই বিঘা জমি থেকে প্রতিবছর তিন থেকে সাড়ে তিন হাজার মণ ধান পাওয়া যেতো।
সুন্দরবনের পাশের চাঁদপাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য বিনোদ বললেন, বিঘাপ্রতি ২০ মণ হতো আগে। এখন আর তেমন ফলন হয় না।
চার-পাঁচ বছর ধরে তিনি দশ বিঘা জমিতে ধান চাষ করে পনের-কুড়ি মণ ধান পাচ্ছেন।
আমন আবাদ নির্ভর এ এলাকায় অনেকের মতো বিনোদ তার অধিকাংশ জমিতে চিংড়ি ঘের করেছেন।
তিনি মনে করেন, মাটি ও পানির লবণাক্ততা বৃদ্ধি, অনাবৃষ্টি, অসময়ে বৃষ্টি, অতিরিক্ত জোয়ারের পানিতে জমি প্লাবিত হওয়ায় এখন আর আগের মতো ধান হয় না।
একই ইউনিয়নের কাইনমারী গ্রামের কাজী র“হুল আমিন (৬০) বলেন, তিনি নিজের চার বিঘা জমিসহ অন্যের কাছ থেকে বর্গা নেওয়া পনের বিঘা জমিতে ধান চাষ করতেন।
বিঘা প্রতি ২০ মণ করে ধান পেতেন তিনি। সেই ধান দিয়ে বছরের খোরাকি রেখে বিক্রিও করা যেতো। কিন্তু এখন আর তেমন ধান হয় না।
একই এলাকার অপূর্ব সরদার বলেন, তার আট বিঘা জমিতে বছরে যে আমন ধান হতো তা দিয়ে তার দশজনের সংসার ভালোভাবে চলে যেতো। এ ধানী জমি কয়েক বছর ধরে লবণ পানিতে তলিয়ে আছে।
মংলার কাইনমারী গ্রামের তিনশ’ বিঘা জমিতে সরকারদলীয় প্রভাবশালী এক ব্যক্তি চিংড়ির চাষ করছেন।
সে কারণে সৃষ্ট জলাবদ্ধতার জন্য তার মতো অন্তত ৪০ জন জমির মালিক ধান চাষ করতে পারছেন না বলে দাবি করেন অপূর্ব।
এলাকাবাসীর দাবি, কর্মসংস্থান না থাকায় এলাকার অনেক মানুষ গ্রাম ছাড়ছেন।
বাগেরহাট কৃষি স¤প্রসারণ বিভাগ জানায়, ২০০৬-০৭ অর্থবছরে এ জেলায় রোপা আমনের আবাদি জমির পরিমাণ ছিলো ১ লাখ ৯ হাজার ১৩০ হেক্টর, বোরো ৩২ হাজার ৬৯০ হেক্টর এবং আউশ ৬ হাজার ৩৯৫ হেক্টর।
২০০৭-০৮ অর্থবছরে আবাদ হয়েছে রোপা আমন ১ লাখ ৬ হাজার ৭৫৩ হেক্টর, বোরো ৩৭ হাজার ৮০৫ হেক্টর এবং আউশ ৭ হাজার ৩৮৫ হেক্টর জমিতে।
২০০৮-০৯ অর্থবছরে আবাদ হয়েছে রোপা আমন ১ লাখ ৫ হাজার ২৬৭ হেক্টর, বোরো ৪৫ হাজার ৭২৩ হেক্টর এবং আউশ ১০ হাজার ৭৩১ হেক্টর জমিতে।
২০০৯-১০ অর্থবছরে রোপা আমন ৮০ হাজার ৮৬০ হেক্টর, বোরো ৪৬ হাজার ১৮৫ হেক্টর এবং আউশ ৮ হাজার ৫১৬ হেক্টর জমিতে আবাদ হয়েছে।
সর্বশেষ ২০১০-১১ অর্থবছরে রোপা আমন ৭৩ হাজার ৫২০ হেক্টর, বোরো ৪৮ হাজার ৩৯০ হেক্টর এবং আউশ ৩৭ হাজার ৫২০ হেক্টর জমিতে আবাদ হয়।
বাগেরহাট কৃষিস¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কায়েম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাগেরহাটে প্রধান ফসল রোপা আমন ধানের উৎপাদন ক্রমেই হ্রাস পাচ্ছে।
সর্বশেষ গত দুই বছরে জেলায় রোপা আমনের আবাদি জমি কমেছে ৩১ হাজার ৭৪৭ হেক্টর। সব থেকে বেশি প্রভাব পড়ছে উপক‚লীয় উপজেলা মংলা, রামপাল, শরণখোলা ও মোরেলগঞ্জে।
কৃষি কর্মকর্তা কায়েম জানান, এক জরিপে দেখা গেছে ১৯৯৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ১৩ বছরে জেলায় আমন ধানের আবাদী জমির পরিমান কমেছে ৩৯ হাজার ৪৭০ হেক্টর।
“বাগেরহাটের সবচেয়ে লবণাক্ত উপজেলা মংলা ও রামপালে লবণসহিষ্ণু বিআর ৪৭ ধানের জাত গত তিন বছর ধরে চাষ হচ্ছে। তবে এর ফলন আশানুরূপ নয়”, বলেন তিনি।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, বাগেরহাট সদর উপজেলায় আবাদি জমির পরিমাণ ১৯ হাজার ৯৬৪ হেক্টর। বর্তমানে চাষ হচ্ছে ১১ হাজার ১৪০ হেক্টর।
ফকিরহাটে ৯ হাজার ৯৪৭ হেক্টরের মধ্যে চাষ হচ্ছে ৫ হাজার ৮৩০ হেক্টর। মোলাহাটে ১১ হাজার ৭৩০ হেক্টরের মধ্যে চাষ হচ্ছে ২ হাজার ১১৫ হেক্টর।
রামপালে ১৯ হাজার ৪৮০ হেক্টর জমির মধ্যে চাষ হচ্ছে ৩ হাজার ৮০০ হেক্টর। কচুয়ায় ৮ হাজার ৯৫০ হেক্টরের মধ্যে চাষ হচ্ছে ৮ হাজার ১০৫ হেক্টর।
মোরেলগঞ্জে ২৮ হাজার ৫২০ হেক্টর জমির মধ্যে চাষ হচ্ছে ২৫ হাজার ৮০০ হেক্টর। শরণখোলার ৯ হাজার ৪০২ হেক্টরের মধ্যে চাষ হচ্ছে ৮ হাজার ৪৭০ হেক্টর।
মংলা উপজেলায় আবাদি জমির পরিমাণ ১২ হাজার ৭০৫ হেক্টর; চাষ হচ্ছে ১ হাজার ৫৪০ হেক্টর। চিতলমারীতে ১৩ হাজার ২০০ হেক্টরের মধ্যে চাষ হচ্ছে ৫ হাজার ৭২০ হেক্টর জমি।
সরেজমিন মংলার চাঁদপাই ও চিলা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে এবং মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০৮ সালে তত্তাবধায়ক সরকারের সময়ে চাঁদপাই ইউনিয়নের ফসলী জমিতে লবণপানি ঠেকাতে গ্রামবাসী চাঁদা তুলে চড়কখালী খালে বাঁধ দিয়েছিলো।
কিন্তু মহাজোট সরকার ক্ষমতায় আসার পর চিংড়ি ঘের মালিকরা বাঁধটি কেটে দেন।
গ্রামবাসীরা জানায়, শুধু চড়কখালী খালই না, মংলা এলাকায় ধানের উৎপাদন বাড়াতে হলে অগ্রহায়ণ মাসে খালগুলোতে বাঁধ দিয়ে লবণপানি ঠেকাতে হবে। আর আষাঢ় মাসে লবণাক্ততার মাত্রা কমে এলে বাঁধ ছেড়ে মাঠে পানি ঢুকাতে হবে।
কিন্তু চিংড়ি ঘের মালিকদের কারণে তা করা সম্ভব হয় না বলে তারা জানান।
উপজেলা কৃষি স¤প্রসারণ কার্যালয় জানায়, আমন প্রধান মংলায় মোট কৃষি জমির পরিমাণ ১২ হাজার ৭০৫ হেক্টর। লবণাক্ততা ও চিংড়ি ঘেরের কারণে গত বছর মাত্র দেড় হাজার হেক্টর জমিতে আমন চাষের ল¶মাত্রা ধরা হয়। তাও অর্জিত হয়নি।
২০০৯-১০ অর্থবছরে বোরো চাষের মৌসুমে ১৬২ হেক্টর জমিতে চাষের ল¶্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয় মাত্র নয় হেক্টর জমিতে।
চলতি বোরো মৌসুমে মংলায় মাত্র দশ হেক্টর জমিতে বোরো চাষের ল¶্যমাত্রা ধরা হয়েছে।
মংলা উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মো. শহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার সর্বত্র মাটির লবণাক্ততা বেড়ে গেছে। এ কারণে ধান হচ্ছে না।
তার মতে, চিংড়ি ঘেরের কারণে আবদ্ধ পানির নিচে থাকা ফসলি জমিতে লবণ জমে যাচ্ছে। জোয়ারভাটা কমে যাওয়ায় এবং খালগুলো উন্মুক্ত না থাকায় মাটিতে জমে থাকা লবণ কমানো যাচ্ছে না।
কৃষি কর্মকর্তা জানান, গত বছর মংলার প্রতি মিটার জমিতে লবণাক্ততার মাত্রা সর্বোচ্চ ২৮ ডিএস রেকর্ড করা হয়েছে। ধানের জন্য এই মাত্রা ২ ডিএস পর্যš— সহনীয়।
এখানকার নদীর পানিতে মার্চ থেকে জুলাই পর্যš— গড়ে ১৮ থেকে ২০ পিপিটি মাত্রার এবং চিংড়ি ঘেরের পানিতে ১২ থেকে ১৪ পিপিটি মাত্রার লবণ পাওয়া যাচ্ছে।
গত বছর ঘূর্ণিঝড় আইলার সময় পানিতে ২৫ পিপিটি লবণাক্ততা রেকর্ড করা হয়।
ধান চাষের জন্য পানিতে লবণাক্ততার মাত্রা ৪ পিপিটি পর্যš— সহনীয়।
মংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর আলম শেখ জানান, ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত মংলা উপজেলার লোকসংখ্যা প্রায় দেড় লাখ।
তিনি মনে করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ব্যাপক চিংড়ি চাষের কারণে এলাকার ফসলি জমি নষ্ট হচ্ছে।
নূর আলম জানান, বেড়িবাঁধ না থাকায় কয়েক বছর ধরে বর্ষাকালে অ¯^াভাবিক জোয়ারে মংলা পৌরসভাসহ গ্রাম এলাকা পাবিত হয়ে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে এলাকার ফলজ ও বনজ গাছপালাও মরে যাচ্ছে।
তিনি বলেন, বিকল্প কর্মসংস্থানের অভাবে এলাকার দরিদ্র ও প্রারম্ভিক আয়ের অনেক মানুষ জীবিকার জন্য এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন।
পরিস্থিতি মোকাবেলায় দ্র“ত কার্যকর উদ্যোগ না নেওয়া হলে অদূর ভবিষ্যতে মংলা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে বলে এই জনপ্রতিনিধি আশঙ্কা প্রকাশ করেন।
