ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ সদস্যকে মারধরের মামলায় জামিন আবেদন নাকচ হওয়ায় আপাতত কারাগারেই থাকতে হচ্ছে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে।
বিএনপিদলীয় এ ওয়ার্ড কাউন্সিলরের জামিনের আবেদন রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক এসকেএম তোফায়েল হাসান নাকচ করেন।
এ মামলায় পুলিশ ডিপজলকে হেফাজতে নিয়ে একদিন জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার কারাগারে আদালতে তুললে সেদিনই জামিনের এ আবেদন করা হয়।
গত বুধবার ডিপজলকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছিলেন একই আদালতের বিচারক।
গত ১৬ নভেম্বর গাবতলীতে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে আহত করার অভিযোগ রয়েছে ডিপজলের বিরুদ্ধে। ওই ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে বাধা ও আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানো এবং হামলার অভিযোগে ডিপজলের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
বেশ কিছুদিন পুলিশকে ঘোল খাইয়ে ডিপজল গত ২৮ নভেম্বর রাতে রাজধানীর দারুস সালাম থানায় ধরা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৪১৩ ঘ.
bdnews24