২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের সাঁতার শেখানোর ওপর গুরুত্বারোপ

পানিতে ডুবে শিশুমৃত্যু ঠেকাতে অভিভাবকদের সচেতনতা ও শিশুদের সাঁতার শেখানোর ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2010, 01:07 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পানিতে ডুবে শিশুমৃত্যু ঠেকাতে অভিভাবকদের সচেতনতা ও শিশুদের সাঁতার শেখানোর ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। অপেক্ষাকৃত ছোট শিশুদের (৫ বছরের নিচে) পানিতে ডুবে মৃত্যু ঠেকাতে মায়েদের তদারকিই প্রধান। কিন্তু অনেকক্ষেত্রেই তা যথাযথ না হওয়ার কারণে শিশুরা ডুবে মারা যায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এভাবে মৃত্যু রোধে তারা শিশুদের প্রতি তদারকি বাড়ানো ও তাদের সাঁতার শেখানোর জন্য কমিউনিটি সেন্টার খোলার ওপর গুরুত্ব আরোপ করেন। পানিতে ডুবে শিশু মৃত্যুর ওপর শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক কর্মশালায় এসব গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরণের আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করে ইন্টারন্যাশনাল ড্রউনিং রিসার্চ সেন্টার- বাংলাদেশ (আইডিআরসি-বি)। মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর ও অষ্ট্রেলিয়া থেকে আগত উন্নয়নকর্মীরা কর্মশালায় যোগ দেন। আইডিআরসি-বি এর হিসাবে বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩০ হাজার শিশু কোনো না কোনো ইনজুরিতে মারা যায়। আর এর মধ্যে ১৮ হাজার শিশু মারা যায় পানিতে ডুবে। প্রতিদিন গড়ে প্রায় ৫০টি শিশুর মৃত্যু ঘটে। কর্মশালায় আইডিআরসি-বির পরিচালক আমিনুর রহমান বলেন, "এক গবেষণার ফলাফলে আমরা দেখেছি শিশুদের সঠিক তদারকি ও প্রশিক্ষণের মাধ্যমে পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা কমানো সম্ভব হয়েছে ৪৫ শতাংশ।" তিনি জানান, পানিতে ডুবে সবচেয়ে বেশি শিশুমৃত্যুর ঘটনা ঘটে সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে। কারণ এসময় মায়েরা নিজের কাজে বেশি ব্যস্ত থাকায় শিশুদের যথাযথভাবে দেখভাল করতে পারেন না। ২০০৫ সাল থেকে দেশের চারটি উপজেলায় ইনজুরিজনিত মৃত্যুর ঘটনা নিয়ে গবেষণা করা হয়েছে। ইউনিসেফের আর্থিক সহায়তায় সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) এ কার্যক্রম চালায়। এ বছর সিআইপিআরবি'র স্বতন্ত্র শাখা আইডিআরসি-বি খোলা হয়েছে শুধু পানিতে ডুবে শিশুমৃত্যুর ঘটনা নিয়ে গবেষণার জন্য। গত বৃহস্পতিবার আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগে মনে করা হতো শিশুদের পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা প্রতিরোধযোগ্য নয়। কিন্তু নিরাপদ বাড়ি, নিরাপদ স্কুল, কমিউনিটি প্রশিক্ষণ ও সচেতনতা তৈরির মতো কর্মসূচি নেওয়ার পর এ ধরনের ইনজুরিতে মারা যাওয়ার ঘটনা কমানো সম্ভব হয়েছে।" পানিতে ডুবে মৃত্যু বাংলাদেশে এক বছর বা তার বেশি বয়সী শিশু মৃত্যুর অন্যতম একটি কারণ হচ্ছে পানিতে ডুবে যাওয়া। হাঁটতে শেখার আগে ৪ বছরের কম বয়সী শিশু সবচেয়ে বেশি পানিতে ডুবে মারা যায়। গ্রামাঞ্চলে মায়েরা শিশুদের উপর নজর রাখতে না পারায় এ দুর্ঘটনা ঘটে। পানিতে ডুবে মৃত শিশুদের তিন চতুর্থাংশ ক্ষেত্রে মৃত্যুর ঘটনা ঘটে বাড়ি থেকে মাত্র ২০ মিটারের মধ্যে অবস্থিত জলাশয়ে ডুবে। আমিনুর রহমান জানান, ৯ বছরের মধ্যেই অনেক শিশু সাঁতার শিখে যায়। "পানিতে ডুবে শিশু মৃত্যু কমাতে উদ্যোগী হয়ে শিশুকে সাঁতার শেখাতে হবে। প্রাপ্ত বয়স্করা শিশুদের তত্ত্বাবধান করবে এবং বাড়ির কাছাকাছি জলাশয়ের পথে প্রতিবন্ধকতা তৈরি করতে হবে। আমরা এই প্রশিক্ষণটাই দিচিছ", বলেন প্রতিষ্ঠানের পরিচালক। সিরাজগঞ্জের রায়গঞ্জ, শেরপুর সদর, নরসিংদীর মনোহরদী ও মিরপুরে দুই লাখ করে প্রায় আট লাখ লোককে বিভিন্ন কর্মসূচির আওতায় আনা হয়েছে বলে জানান তিনি। সংস্থাটি জানায়, প্রতিদিন পানিতে ডুবে অন্তত ৪৬ জন, সড়ক দুর্ঘটনায় ৯ জন, প্রাণীর কামড়ে ৭ জন, আত্মহত্যায় ৬ জন, পড়ে গিয়ে ৫ জন, শ্বাসরোধে ৩ জন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন, সহিংসতায় একজন, পুড়ে গিয়ে একজন এবং অন্যান্য ইনজুরিতে একজন শিশুর মৃত্যু হয়। "সহশ্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০১৫ সালের মধ্যে অনুর্ধ্ব পাঁচ বছর বয়সী শিশু মৃত্যুর হার দুই তৃতীয়াংশে নামিয়ে আনাই লক্ষ্য। এ লক্ষ্য অর্জন করতে হলে ইনজুরি প্রতিরোধ কার্যক্রম স্বাস্থ্য কর্মসূচিতে অন্তর্ভূক্ত করা প্রয়োজন", বলেন আইডিআরসি-বি পরিচালক আমিনুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমএইচসি/কেএমএস/১৯০৪ ঘ.