কুমিল্লা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লায় গণপিটুনিতে তিনজন নিহত হয়েছে। নিহতরা একজনকে হত্যা করে পালাচ্ছিলো- এ সন্দেহে জনতা তাদের মারধর করে বলে পুলিশ জানায়।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দাউদকান্দির ইলিয়টগঞ্জ বাজারে গণপিটুনির ঘটনাটি ঘটে। মুরাদনগর উপজেলার তেলিয়া মাইনকা এলাকায় একজনকে হত্যা করে তারা পালাচ্ছিলো বলে স্থানীয়রা অভিযোগ করেছে।
গুলিতে নিহত ব্যক্তি হলেন- মুরাদনগরের বাবুটিপাড়া ইউনিয়নের তেলিয়া মাইনকা এলাকায় আনু মিয়ার ছেলে সিরাজুল ইসলাম (৪৮)। গণপিটুনিতে নিহত তিন জনের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে দাউদকান্দি থানার ওসি কাওসার আহমেদ সাংবাদিকদের বলেন, মুরাদনগর থেকে ইলিয়টগঞ্জগামী একটি মাইক্রোবাসে ওঠার জন্য তেলিয়া মাইনকা এলাকায় সিরাজুল থামতে বলে। ওই সময় মাইক্রোবাস থেকে গুলি চালালে সিরাজ ঘটনাস্থলেই মারা যায়।
এদিকে তেলিয়া মাইনকা এলাকার লোকজনের কাছে খবর পেয়ে সাড়ে ৮টার দিকে ইলিয়টগঞ্জে জনতা মাইক্রোবাসটি আটকে চার আরোহীকে ব্যাপক মারধর করে বলে পুলিশ জানায়।
ওসি বলেন, গণপিটুনিতে তিন জন ঘটনাস্থলেই মারা যায়। একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আবু তাহের পুলিশকে জানিয়েছে, তার বাড়ি মুরাদনগরের বড়কইড়ায়।
মাইক্রোবাস আরোহীদের গ্রামবাসী ডাকাত বলে সন্দেহ করছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৫০ ঘ.
bdnews24