ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসকে নিয়ে নেতিবাচক তথ্যচিত্র প্রচারিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আওয়ামী লীগ।
দলটির কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে শুক্রবার রাতে গণভবনে এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগের কথা জানান সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
সৈয়দ আশরাফ বলেন, "তিনি (ইউনূস) আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি। তার দুর্নাম হলে, তা জাতির দুর্নাম বয়ে আনবে। অনেকেই ইউনূস সাহেবকে বাংলাদেশের মডেল হিসেবে দেখে। তাই মডেল ক্ষতিগ্রস্ত হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাই এ বিষয় আমরা খুবই উদ্বিগ্ন।
"গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ব্যাংকের কর্ণধার নিয়ে প্রচারিত তথ্যচিত্র বিষয়ে আমাদের বৈঠকে আলোচনা হয়েছে। এ তথ্যচিত্রটি নরওয়ের সরকারি টেলিভিশন প্রচার করেছে। অন্যান্য ভাষায়ও তারা এটা প্রচার করবে। নরওয়ে সরকারও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।"
বাংলাদেশ ব্যাংক বিষয়টি খতিয়ে দেখবে। কোনো কিছু বিচার করার জন্য প্রচার মাধ্যমের তথ্য যথেষ্ট নয় বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/ডিডি/২৩১৬ ঘ.
bdnews24