ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ সদস্যকে মারধরের মামলায় চলচ্চিত্র অভিনেতা ও বিএনপিদলীয় ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার হোসেন ডিপজলকে একদিন জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার বিকালে ডিপজলকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদা খান।
নতুন করে জিজ্ঞাসাবাদের জন্য তিনি আর কোনো আবেদন না করায় মহানগর হাকিম মো. ইসমাইল হোসেন শুক্রবার ডিপজলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ডিপজলের পক্ষে জামিনের আবেদন করা হলে আগামী রোববার তার জন্য দিন ঠিক করে দেয়।
দুই সপ্তাহ পালিয়ে থাকার পর ডিপজল গত রোববার রাতে রাজধানীর দারুস সালাম থানায় আত্মসমর্পণ করেন। গত বুধবার তাকে হেফজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পায় পুলিশ।
গত ১৬ নভেম্বর গাবতলীতে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে আহত করার অভিযোগ রয়েছে ডিপজলের বিরুদ্ধে। ওই ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে বাধা ও আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানো এবং হামলার অভিযোগে ডিপজলের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
ডিপজলকে গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে র্যাব গ্রেপ্তার করেছিলো। দুর্নীতি দমন কমিশন ডিপজল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলাও করেছিলো তখন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/এমআই/১৭৫৫ ঘ.
bdnews24