২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুর অর্থ সংস্থান হয়েছে: যোগাযোগমন্ত্রী

পদ্মা সেতুর অর্থ সংস্থান পুরোপুরি হয়েছে জানিয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, বর্তমান সরকারের মেয়াদেই বহু প্রতীক্ষিত এ সেতুর নির্মাণ কাজ শেষ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2010, 10:44 AM

Updated : 25 Aug 2022, 07:44 PM

শরীয়তপুর/মুন্সীগঞ্জ, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুর অর্থ সংস্থান পুরোপুরি হয়েছে জানিয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, বর্তমান সরকারের মেয়াদেই বহু প্রতীক্ষিত এ সেতুর নির্মাণ কাজ শেষ করা হবে। শুক্রবার শরীয়তপুরের জাজিয়ায় পদ্মা সেতুর জন্য অধিগ্রহণ করা জমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার সময় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, ১৬ হাজার কোটি টাকার বিদেশি অনুদান এবং বাংলাদেশ সরকারের ৫ হাজার কোটি টাকা দিয়ে এ সেতু নির্মাণ করা হবে। পদ্মা সেতু নির্মাণে ২৪০ কোটি ডলার ব্যয় ধরার কথা আগে জানিয়েছিলো সরকার। এর মধ্যে বিশ্বব্যাংক ১২০ কোটি, জাপান ৩০ কোটি, এশীয় উন্নয়ন ব্যাংক ৫৫ কোটি, ইসলামী উন্নয়ন ব্যাংক ১২ কোটি ডলার দিচ্ছে। এছাড়া আবুধাবি উন্নয়ন গ্র"প থেকে ৩ কোটি ডলার ঋণ নেওয়া হচ্ছে। বাকি অর্থের যোগান হবে অভ্যন্তরীণ বিভিন্ন উৎস থেকে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকদিন আগে জাপান সফরের সময় পদ্মা সেতু নির্মাণে সে দেশের সরকারের কাছ থেকে আরো ১০ কোটি ডলার ঋণের প্রতিশ্র"তি আদায় করেন। দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীসহ দেশের অন্য অংশের যোগাযোগের জন্য গুরুত্বর্পূ এ সেতু নির্মাণ আগামী বছরেই শুরু করতে চায় সরকার। সকালে নাওডোবা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৯ জন ভূমি মালিকের মধ্যে ১০ লাখ ৩০ হাজার ৬৭৪ টাকার চেক বিতরণ করেন যোগাযোগমন্ত্রী। চেক গ্রহণকারী খালেক ঢালী, খালেক সিকদার, ওহাব সেক, কফিলদ্দিন মোল্লা, মোহাম্মদ হাওলাদার, ফজলু তস্তার, মোতালেব তস্তার, সবুরজান বিবি ও রাজ্জাক বেপারী সাংবাদিকদের বলেন, মুন্সীগঞ্জের মাওয়া (সেতুর অন্য পাড়) পয়েন্টে জমির যে দাম দেওয়া হয়েছে, তার চেয়ে কম পেয়েছেন তারা। অসন্তোষের কথা মন্ত্রীকেও জানিয়েছেন তারা। শরীয়তপুর জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, পদ্মা সেতুর জন্য অধিগ্রহণ করা ভূমির মালিকদের মধ্যে ইতোপূর্বে দুটি প্রকল্পের আওতায় ৭২১ জনকে আড়াই কোটি টাকা এবং ১৬৩ জনকে ১৭ কোটি ৩৮ লাখ টাকা দেওয়া হয়েছে। শরীয়তপুর যাওয়ার আগে যোগাযোগমন্ত্রী মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে অধিগ্রহণ করা জমির মালিকদের হাতে চেক তুলে দেন। সেখানে তিনি বলেন, পদ্মা সেতুর সঙ্গে রেললাইনও থাকছে। তবে কবে থেকে সেতু নির্মাণ শুরু হচ্ছে- প্রশ্ন করা হলেও তা এড়িয়ে যান মন্ত্রী। মাওয়া সেতু বিভাগের ডাক বাংলোয় মন্ত্রী ক্ষতিগ্রস্ত ১০৭ জন ভূমি মালিকের হাতে ৫ কোটি ৫২ লাখ টাকার চেক তুলে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪১ ঘ.