২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলমাঝির ফেরিঘাট চালু চায় শরীয়তপুরবাসী

পদ্মা নদীতে নাব্যতা সমস্যার কারণে বন্ধ হয়ে যাওয়া মঙ্গলমাঝির ফেরিঘাট পুনরায় চালু দেখতে চায় শরীয়তপুরবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2010, 08:20 AM

Updated : 25 Aug 2022, 07:44 PM

শরীয়তপুর, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা নদীতে নাব্যতা সমস্যার কারণে বন্ধ হয়ে যাওয়া মঙ্গলমাঝির ফেরিঘাট পুনরায় চালু দেখতে চায় শরীয়তপুরবাসী। তারা বলছেন, ফেরিঘাট সরিয়ে মাদারীপুরে নিয়ে যাওয়ায় শরীয়তপুরের মানুষকে এখন ১০ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে, ফলে সময়ের সঙ্গে বেড়েছে অর্থ ব্যয়ও। নাব্যতা সমস্যার কারণে গত জানুয়ারিতে শরীয়তপুরের জাজিরার মঙ্গলমাঝি ফেরিঘাটটি বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিওটিএ)। একই সময়ে চালু হয় মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাট। এ পথে যাতায়াতকারী নৌচালকরা বলছেন, নাব্যতা এক সময়ে ছিলেও এখন তা নেই। ফলে ঘাটটি পুনরায় চালু করা যেতে পারে। এ বিষয়ে বিআইডাব্লিওটিএ'র স্থানীয় কর্মকর্তারা বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে বন্ধ ফেরিঘাটটি চালু করতে মন্ত্রণালয়ের নির্দেশ লাগবে। সড়ক পথে শরীয়তপুর-ঢাকা যাতায়াতের জন্য ২০০২ সালে জাজিরার মঙ্গলমাঝির ফেরিঘাট চালু হয়। এ পথে নিয়মিতভাবে দুটি ফেরিতে প্রতিদিন পণ্য ও যাত্রীবাহী ৫ শতাধিক গাড়ি যাতায়াত করতো। ফেরিগুলো মাওয়া থেকে নাওডোবা চ্যানেল হয়ে সরাসরি মঙ্গলমাঝির ঘাটে আসতো। গত জানুয়ারিতে মঙ্গলমাঝির ঘাট বন্ধ হয়ে যাওয়ার পর থেকে শরীয়তপুর-ঢাকা রুটের গাড়িগুলোকে কাঁঠালবাড়ি ফেরিঘাট হয়ে চলতে হচ্ছে। ওই ঘাটের ফেরিগুলো মুন্সীগঞ্জের মাওয়া থেকে ছেড়ে জাজিরার নাওডোবা মাগুরখন্দ চ্যানেল দিয়ে কাঁঠালবাড়ি ফেরিঘাটে আসে। চ্যানেলের টার্নিং পয়েন্ট থেকে মঙ্গলমাঝির ফেরিঘাটটির দূরত্ব ২ কিলোমিটার। অন্যদিকে কাঁঠালবাড়ির দূরত্ব ৭ কিলোমিটার। শরীয়তপুর-ঢাকা রুটের গাড়িচালক আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাওয়া থেকে ফেরি ছেড়ে মঙ্গলমাঝির ঘাটের কাছ দিয়ে কাঁঠালবাড়িতে যায়। অন্যদিকে আমাদের পাঁচ কিলোমিটার ঘুরতে হয়।" শরীয়তপুর জেলার মাছ ও শাকসবজি ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, "এখন অনেক সময় লাগছে, ব্যয় হচ্ছে অতিরিক্ত অর্থও।" ঢাকা-শরীয়তপুরর রুটের বাস গ্লোরি এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হক বলেন, এ ঘাট দিয়ে পুনরায় ফেরি চলাচলের জন্য বাস মালিক সমিতির পক্ষ থেকে বিআইডব্লিউটিকে অনেকবার অনুরোধ করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। মঙ্গলমাঝির ঘাটের ইজারাদার মোকলেস মাদবর বলেন, দীর্ঘপথ ঘুরে যাওয়ার বদলে অনেকে এখন নৌকা ও ট্রলারে নদী পাড়ি দিচ্ছে। মঙ্গলমাঝির ঘাটে ফেরি চলাচল করলে শরীয়তপুরবাসীর সময় ও অর্থ সাশ্রয় হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউএ'র শরীয়তপুর কার্যালয়ের উপপরিচালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নদীর চ্যানেলে নাব্যতার সমস্যা থাকায় এ ঘাটটি বন্ধ করে দেওয়া হয়। এখন পুনরায় ঘাট চালু করতে মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১৪ ঘ.