২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত

ঢাকার মালিবাগ এবং মেহেরপুরের গাংনী ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় শুক্রবার ভোররাতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2010, 07:09 AM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার মালিবাগ এবং মেহেরপুরের গাংনী ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় শুক্রবার ভোররাতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজনের মৃত্যু হয়েছে। র‌্যাব বলছে, মালিবাগে নিহত হোন্ডা বাবু (২৮) রাজধানীর চিহ্নিত সন্ত্রাসী। গাংনীতে নিহত দুর্জয় বাবু ওরফে বাচ্চু (৩৫) চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল-লাল পতাকা) শীর্ষ নেতা। বাকেরগঞ্জে নিহত মো. আলামিন সন্যামত (৩০) ডাকাত দলের সদস্য। তবে আলামিনের স্ত্রী অভিযোগ করেছেন, স্থানীয় এক ব্যক্তি র‌্যাবের যোগসাজশে তার স্বামীকে হত্যা করিয়েছেন। র‌্যাব-৩ এর সহকারী পরিচালক মনজুর মোরসেদ আনছারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মতিঝিল থানাধীন মালিবাগ মোড়ে শুক্রবার রাত ৪টার দিকে চৌকি বসিয়ে র‌্যাব সদস্যরা টহল দিচ্ছিলেন। তিনি বলেন, "এ সময় একটি মটর সাইকেলে তিন যুবককে যেতে দেখে তারা থামার সঙ্কেত দেয়। কিন্তু তারা না থামিয়ে র‌্যাব সদস্যদের লক্ষ করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। "এতে গুলিবিদ্ধ হয়ে মটর সাইকেল থেকে এক যুবক পড়ে যায়। অন্য দুইজন মটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন।" ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলেও তিনি জানান। র‌্যাব কর্মকর্তা আনছারী বলেন, ময়না তদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মেহেরপুর প্রতিনিধি জানিয়েছেন, গাংনী উপজেলার পূর্ব মালসাদহ গ্রামে র‌্যাবের সঙ্গে ওই বন্দুকযুদ্ধ হয় বলে জানানো হয়েছে। র‌্যাব-৬ মেহেরপুর ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোররাত ৪টার দিকে র‌্যাবের একটি টহল দল পূর্ব মালসাদহ-হাড়িয়াদহ সড়কের পাশে অবস্থিত একটি বাঁশ বাগানে গুলির শব্দ শুনতে পায়। তিনি বলেন, "তখন র‌্যাবের অতিরিক্ত ফোর্স বাঁশ বাগানটি ঘিরে ফেলে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের লক্ষ করে ৮/১০ রাউন্ড গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরা ২৫/৩০ রাউন্ড গুলি চালায়। "এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। গোলাগুলি থামার পর ঘটনাস্থল থেকে এক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা জানায়, নিহতের নাম দুর্জয় বাবু ওরফে বাচ্চু।" র‌্যাব কর্মকর্তা জাহিদুল জানান, এ সময় লাশটির পাশ থেকে একটি রিভালবার, একটি এলজি, চার রাউন্ড গুলি এবং কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, "চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে গোলাগুলি হচ্ছিলো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।" গাংনী থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী দুর্জয় বাবু ওরফে বাচ্চুর বিরুদ্ধে তার থানায় ও পাশের চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় ছয়টি হত্যাসহ ১১টি মামলা রয়েছে। বরিশাল প্রতিনিধি জানিয়েছেন, বাকেরগঞ্জে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত আলামিন সন্যামত উপজেলার ফরিদপুর ইউনিয়নের ভাতশালা গ্রামের বাসিন্দা। র‌্যাবের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে ফরিদপুর ইউনিয়নের পেয়ারপুর সেতুর কাছে ওই ঘটনা ঘটে। আলামিনের মৃতদেহের কাছ থেকে একটি শাটারগান ও দুই রাউন্ড গুলি, একটি নাইন এমএম পিস্তল ও এক রাউন্ড গুলি এবং একটি বড় ছোরা উদ্ধার করা হয়। বাকেরগঞ্জ থানার ওসি শওকত আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র‌্যাব তাকে অবহিত করার পর তিনি ঘটনাস্থলে একটি দল পাঠান। ঘটনাস্থলে যাওয়া এসআই মো. মনিরুজ্জামান র‌্যাবের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "র‌্যাবের একটি টহল দল পেয়ারপুর সেতু এলাকা দিয়ে যাওয়ার সময় ৭-৮ জনের একটি দল দেখতে পায়। র‌্যাব সদস্যরা তখন তাদের কাছে নিজেদের পরিচয় দিলে তারা পালানোর চেষ্টা করে।" "এ সময় র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করলে তারা গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও তখন পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ গোলাগুলির পর র‌্যাব একজনকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।" তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পড়ে থাকা গুলিবিদ্ধ লাশ, অস্ত্র, গুলি ও ছোরা উদ্ধার করে এবং স্থানীয়দের সহায়তায় তার পরিচয় জানতে পারে। থানার আরেক এসআই মো. মোতালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আলামিনের বিরুদ্ধে তাদের থানায় চারটি ডাকাতিরসহ ১৭টি মামলা আছে। তবে আলামিনের স্ত্রী রূপা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্থানীয় সবুজ নামে এক ব্যক্তি ষড়ষন্ত্র করে র‌্যাবের যোগসাজশে আমার স্বামীকে হত্যা করিয়েছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেটি/এজে/১৩০১ ঘ.