চট্টগ্রাম, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আবারও হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি'র সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে বাবরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জমা দিয়েছেন।
মনিরুজ্জামান সেইসঙ্গে এই মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিমকেও ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি কামাল উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার এনএসআই'র সাবেক প্রধানের রিমান্ডের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
সাবেক প্রতিমন্ত্রী বাবরের রিমান্ড আবেদনের শুনানি হবে ৬ ডিসেম্বর।
এর আগে ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো বাবরকে পাঁচদিনের রিমান্ডে নিয়ে ঢাকায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এনএসআই'র সাবেক প্রধানের এটি তৃতীয় দফা রিমান্ড।
সর্বশেষ গত বছরের ২০ মে তাকে দ্বিতীয় দফায় ছয়দিনের রিমান্ডে নিয়েছিল সিআইডি।
আবদুর রহিম সেসময় আদালতে ৮ পৃষ্ঠার স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিলেন।
আইনজীবী কামাল জানান, ১০ ট্রাক অস্ত্র আটক ও চোরাচালানের ঘটনা তদন্তে মামলার আইও দুইজনকে পুনরায় রিমান্ডে নেওয়ার আবেদন করেছেন।
তিনি আরও জানান, প্রথম দফা জিজ্ঞাসাবাদে বাবর যেসব তথ্য দিয়েছেন তা আরও খতিয়ে দেখতে পুনরায় রিমান্ডের আবেদন করা হয়েছে।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রামে সিইউএফএল এর সংরক্ষিত জেটিঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ। ওইসময় কর্ণফুলী থানার ওসি আহাদুর রহমান বাদি হয়ে অস্ত্র ও চোরাচালান আইনে পৃথক দুটি মামলা করেন।
প্রাথমিক তদন্তে ওই ঘটনার সঙ্গে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই এর কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়টি উঠে আসলেও উর্ধতন মহলের চাপে তা বাদ দেওয়া হয়।
এ ঘটনা তদন্তে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার তৎকালীন স্বরাষ্ট্র সচিব ওমর ফারুককে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। এ কমিটির তিন সদস্য তৎকালীন ডিআইজি (সিআইডি) ফররুখ আহম্মদ, ডিআইজি (এসবি) শামসুল ইসলাম ও এনএসআই'র তৎকালীন পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এনামুর রহমান চৌধুরী আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দেন।
এছাড়া তৎকালীন সিএমপি কমিশনার সাব্বীর আলীও সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন। বর্তমান তদন্ত কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক দুই প্রধান, তিন সাবেক কর্মকর্তা, সিইউএফল এর তৎকালীন মহা পরিচালক, ব্যবস্থাপককে গ্রেপ্তার করা হয়।
এছাড়া তৎকালীন শিল্প ও স্বরাষ্ট্র সচিব, এনএসআই, ডিজিএফআই, কোস্টগার্ড, নৌবাহিনী এবং কাস্টমস এর সাবেক ও বর্তমান কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২১০৪ ঘ.
bdnews24