ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নে আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদ আইন কার্যকরসহ নয় দফা দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।
শান্তি চুক্তির ১৩ বছর পূর্তির প্রাক্কালে সোমবার রাজধানীর কারওয়ান বাজারে একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি ও পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে ওই শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
জনসংহতি সমিতির সভাপতি জোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
চুক্তি বাস্তবায়নে সমিতির অন্য দাবিগুলো মধ্যে সময়সূচিভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণা, চুক্তি ও আঞ্চলিক পরিষদের সুপারিশ অনুসারে ভূমি কমিশন আইন ২০০১ সংশোধন ও ভূমি বিরোধ নিষ্পত্তির কাজ শুরু করা, অপারেশন উত্তরণসহ সেনা, আনসার ও ভিডিপির সব অস্থায়ী ক্যাম্প প্রত্যাহার, জুম্ম শরণার্থী, অভ্যন্তরীণ উদ্বাস্তু ও জনসংহতি সমিতির সদস্যদের পুনর্বাসন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, শান্তি চুক্তি বিরোধী ইউপিডিএফকে নিষিদ্ধ ঘোষণা এবং পার্বত্য জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদের নির্বাচনের উদ্যোগ নেওয়া রয়েছে।
লিখিত বক্তব্যে সন্তু লারমা বলেন, এ সরকারের দুই বছর অতিক্রম হলেও চুক্তি বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ সরকারের আমলে চুক্তি বাস্তবায়নে কমিটি হলেও তা কার্যকর ভূমিকা পালন করছে না।
তিনি আরো অভিযোগ করেন, এ সরকারের আমলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে একজন আদিবাসী সাংসদকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হলেও এ মন্ত্রণালয় পার্বত্যবাসীর স্বার্থবিরোধী ও চুক্তি পরিপন্থী ভূমিকা পালন করে চলেছে।
সংবাদ সম্মেলনে সন্তু লারমা বলেন, গত ১৩ বছরে কোনো সরকারের আমলেই চুক্তি বাস্তবায়নে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এ সময় তিনি চুক্তি বাস্তবায়নে সরকারকে আরো সক্রিয় ও আন্তরিক হওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শান্তি চুক্তির ১৩ বছর পূর্তি উপলক্ষ্যে চুক্তি বাস্তবায়নের দাবিতে আগামী ২ ডিসেম্বর তিন পার্বত্য জেলা ও উপজেলায় সকাল ১০টায় গণসমাবেশ এবং ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দিনব্যাপী আলোচনা সভার আয়োজন করেছে জনসংহতি সমিতি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, আদিবাসী অধিকার আন্দোলনের সভাপতি মেসবাহ কামাল, জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরেন, জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা এবং পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বাবলু চাকমা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এজে/১৫০২ ঘ.
bdnews24