২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ি নিয়ে খালেদার আপিল আবেদন খারিজ

ঢাকা সেনানিবাসের বাড়ি ছাড়া নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল আবেদন (লিভ টু আপিল) খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। (আরো তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 05:24 AM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সেনানিবাসের বাড়ি ছাড়া নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল আবেদন (লিভ টু আপিল) খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ সোমবার বেলা ১১টার দিকে এ আদেশ দিয়েছে। এর মধ্য দিয়ে খালেদার বাড়ি ছাড়া নিয়ে হাইকোর্টের রায় স্থগিত আবেদনও খারিজ হয়ে গেছে। ওই বাড়ি থেকে 'উচ্ছেদের মাধ্যমে' আদালত অবমাননার আবেদনটির ওপর দুপুর ১২টার দিকে শুনানি শুরু হয়েছে। আদালত আদেশে বলেন, "আদালতের বার বার তাগাদা সত্ত্বেও খালেদা জিয়ার কৌঁসুলি আদালতে ৯০ মিনিট সময় নিয়ে লিভ টু আপিল আবেদনের ওপর শুনানি করেননি। তাই লিভ টু আপিল আবেদন ও বাড়ির দখল ফিরিয়ে দেওয়ার বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করা হলো। তবে আদালত অবমাননার আবেদনের ওপর আজই শুনানি অনুষ্ঠিত হবে।" শুনানিতে অংশ নিতে সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদার পক্ষে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহাবুব হোসেন, টিএইচ খান ও ব্যারিস্টার মওদুদ আহমদ। শুনানির সময় আদালত কক্ষে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়। ওদিকে আদালতের এই আদেশের বিরুদ্ধে বিএনপি সমর্থক আইনজীবীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা এই আদেশকে অভিনন্দন জানিয়ে মিছিল করেন। এ শুনানি উপলক্ষে আদালতের নিরাপত্তা জোরদার করা হয়। আদেশের পর অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, "খালেদা জিয়ার আইনজীবীরা আদালত বার বার বলা সত্ত্বেও ৯০ মিনিট সময় নিয়ে লিভ টু আপিল আবেদনের ওপর কোনো শুনানি করেননি। সেই বিবেচনায় আদালত লিভ টু আপিল আবেদন ও বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয়।" আদালত অবমাননার মামলাটির ওপর দুপুর ১২টায় শুনানি হবে বলে তিনি জানান। গত ১০ নভেম্বর বাড়ি নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল আবেদনের শুনানি ২৯ নভেম্বর পর্যন্ত মুলতবি করে আপিল বিভাগ। খালেদার কৌঁসুলি টিএইচ খানের মুলতবি আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ ওই আদেশ দেয়। এর আগে ১৩ অক্টোবর সরকারের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদার করা রিট আবেদন খারিজ করে হাইকোর্ট। একই সঙ্গে একমাসের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদাকে ওই বাড়ি ছাড়তেও বলা হয়। হাইকোর্টের ওই আদেশের পর গত ১৩ নভেম্বর ক্যান্টনমেন্ট বোর্ড বাড়িটি খালি করে। তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অভিযোগ করেন, তাকে জোর করে সেনানিবাসের বাড়ি বের করে দেওয়া হয়েছে। অবশ্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর দাবি করেছে খালেদা জিয়া স্বেচ্ছায় বাড়ি ছাড়েন। খালেদাকে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে 'উৎখাতের' প্রতিবাদে গত ১৪ নভেম্বর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালও ডাকে বিএনপি। এরপর গত ২৩ নভেম্বর বাড়ি খালি করার মাধ্যমে আদালত অবমাননা ও বাড়িটি আগের অবস্থায় ফেরত চেয়ে আলাদা দুটি আবেদন করেন খালেদা । প্রতিরক্ষা সচিব খন্দকার আসাদুজ্জামান, মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজ, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদার, সামরিক ভূ-সম্পত্তি অধিদপ্তরের পরিচালক মর্তুজা আহমেদ, উপপরিচালক শফিকুল আহমেদ, মিলিটারি এস্টেট অফিসার এসএম ইমদাদুল হক, সেনানিবাস বোর্ডের চেয়ারম্যান তানবীর হাসান মজুমদার এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক শাহীনুল ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন খালেদা। সেনানিবাসের ওই বাড়ি ছাড়তে চলতি বছরের এপ্রিল ও মে মাসে খালেদাকে তিন দফা নোটিশ দেওয়া হয়। ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউজে নিহত হওয়ার পর ওই বছরের ১২ জুন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার শহীদ মইনুল সড়কের বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেন। গত বছরের ৮ এপ্রিল ওই বাড়ির ইজারা বাতিলের সিদ্ধান্ত নেয় মন্ত্রি পরিষদ। এরপর বাড়িটি খালি করে দিতে খালেদা জিয়াকে তিন দফায় নোটিশ দেয় সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/কেএমএস/১২১৫ ঘ.