নওগাঁ, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁয় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক স্কুলছাত্রকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদলত।
একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার রাত সাড়ে ৯টায় নওগাঁ শহরে ভ্রাম্যমাণ আদালত এই সাজা দেয়।
সদর মডেল থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হেমায়েত উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সাজাপ্রাপ্ত স্কুলছাত্র হলো- নওগাঁ সদর উপজেলার চন্ডীপুর গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে আরিফুল ইসলাম নয়ন (১৭)। সে জেলা স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র।
পুলিশ জানায়, নওগাঁ সরকারি বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী শহরের বনানীপাড়া মহল্লার একটি মেয়েকে উত্যক্ত করার সময় রোববার বিকাল ৫টার দিকে শহরের মুক্তির মোড় এলাকা থেকে নয়নকে গ্রেপ্তার করা হয়।
নওগাঁ শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার জানান, নওগাঁ গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আব্দুল মান্নানের সহযোগিতায় তাকে হাতেনাতে ধরা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, ভ্রাম্যমাণ আদালত উত্ত্যক্তের শিকার মেয়েটির জবানবন্দি নেয় এবং দুই পুলিশ কর্মকর্তা এবং অপর চারজনের সাক্ষ্য নেয়।
রাত ১০টার দিকে মেজিস্ট্রেট হেমায়েত উদ্দিন নয়নকে সাজার রায় দেন। এ সময় আদালতকে সহায়তা করেন ম্যাজিস্ট্রেট নুরুদ্দিন আল ফারুক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৫৪ ঘ.
bdnews24